সাখাওয়াত ও শামসুদ্দিনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া সাখাওয়াতের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ ডিসেম্বর দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তবে সাখাওয়াত হোসেন ও শামসুদ্দিন আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
সাখাওয়াতের মৌখিক আবেদনের পর কারাবিধি অনুসারে তাকে সুযোগ-সুবিধা দেওয়া এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে রোববার সকালে শামসুদ্দিনকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে আসা হয়। সাখাওয়াতকে আনা হয় বেলা ১১টার দিকে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে শামসুদ্দিন আহম্মেদকে ধরে জেলে পাঠায় পুলিশ। পরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি মামলার নথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার শামসুদ্দিন ও তার ভাই নাছিরের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ে গত বুধবার। এর একদিন পর শামসুদ্দিনকে গ্রেপ্তার করা হলেও নাছিরের খোঁজ মেলেনি।
এদিকে ঢাকা থেকে গ্রেপ্তার জাতীয় পার্টির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন।
১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি। ২০০১ সালের সপ্তম সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে আবারো পরাজিত হন।
পরে ২০০৬ সালে অলি আহমেদের এলডিপিতে যোগ দিলেও পরের বছর দেশে জরুরি অবস্থা জারি হলে তিনি যোগ দেন ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে। ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হলে এরশাদের জাতীয় পার্টিতে ভিড়ে যান সাখাওয়াত।
তিনি ১৯৭১ সালে মুক্তিযদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালে যশোরে সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই বছর জুন মাসে তাকে কেশবপুর থেকে গ্রেপ্তারও করা হয়। তবে পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান।
