চাঁদপুরে সোমবার থেকে বিজয় মেলা শুরু
মুক্তিযুদ্ধের বিজয়গাথা নবীন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে সোমবার থেকে চাঁদপুরে শুরু হচ্ছে মাসব্যাপী বিজয় মেলা।
মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান কিরণ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১ ডিসেম্বর (সোমবার) থেকে মেলা শুরু হলেও আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।"
মেলার প্রতিদিনের কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন, গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য পুতুল নাচ। এছাড়া রয়েছে হস্ত, কুটির শিল্প ও বিভিন্ন রকমারি পণ্য সামগ্রির স্টল।
মেলায় জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকবে বলে জানিয়েছেন মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান।
