পুড়িয়ে হত্যা: জাহাঙ্গীরকে রিমান্ডে চায় পুলিশ
টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার প্রধান আসামি জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় পুলিশ।
শনিবার রাতে দক্ষিণ সোহাগপুর গ্রামের নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুস্থ হলেই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে তিনি জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশরাফ আলী জানান, রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে মাথাব্যাথার সমস্যা নিয়ে জাহাঙ্গীরকে পুলিশের মাধ্যমে ভর্তি করা হয়। সে ৭ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর কেবিনে রয়েছে।
তিনি বলেন, “তার শারীরিক কয়েকটি পরীক্ষা করা হয়েছে, তেমন কিছু পাওয়া যায়নি।”
গত ৭ অক্টোবর রাতে সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম, তার তিন মেয়ে মনিরা আক্তার মরিয়ম (১৪), মিম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়।
ওই রাতেই নিহত হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক শ্যামল দত্ত জানান, জাহাঙ্গীর বলেছে বিভিন্ন স্থানে পালিয়ে থেকে, ঠিকমতো খেতে না পেয়ে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েছে।
