২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবার তারিখ পাল্টেও মিলল না নারী এমপির দেখা

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিয়ে আয়োজিত একটি সভায় আমন্ত্রিত নারী সাংসদদের কেউ উপস্থিত হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 06:59 PM

Updated : 25 Apr 2022, 04:59 PM

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ’ বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনের পক্ষ থেকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক তৃতীয়াংশে উন্নীত করা, এসব আসনে সরাসরি নির্বাচন, নারী সাংসদদের নির্দিষ্ট এলাকা দিয়ে তার উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।

দাবি তোলা হয়েছে ২০১৩ সালের সংশোধিত জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সব কমিটিতে ৩৩ শতাংশ পদে নারী নেতৃত্ব নিশ্চিত করার।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের মহিলা সাংসদ রেবেকা মমিন ও ফজিলাতুন্নেছা বাপ্পী এবং বিএনপির সাবেক মহিলা এমপি নিলোফার চৌধুরী মনির উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেননি।

না আসার কারণও কেউ জানাননি বলে আয়োজকরা জানিয়েছেন।

তাদের অনুপস্থিতিতে হতাশা জানিয়ে আয়োজক সংগঠন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “নারী নেত্রীরা আমাদের কথা দিয়েও না আসাটা রাজনীতিতে নারীর দলীয় সীমাবদ্ধতা কি না চিন্তা করা প্রয়োজন।

“তাদেরকে সঙ্গে পাওয়ার জন্য তিনবার অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করেছি। কিন্তু শেষবারও তারা আসতে পারলেন না। ফোনেও কিছু জানালেন না।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, জাতীয় মহিলা সমিতির সহসভাপতি মাজেদা শওকত আলী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মহিলা পরিষদের নেতা জনা গোস্বামী বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৩৩ শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

“কিন্তু বাস্তবে এর প্রভাব লক্ষ করা যাচ্ছে না। বরং নবম সংসদের মন্ত্রিসভার তুলনায় দশম সংসদের মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি আরো কমেছে।”

সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষের বৈষম্য বিলোপের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সেজন্য নির্বাচনী এলাকাগুলো নতুন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

এছাড়া নারী সংসদ সদস্যদের সুনির্দিষ্ট দায়িত্বপালনের জন্য এলাকা ও অর্থ বরাদ্দ রাখারও দাবি করেছেন তারা।

প্রতিটি রাজনৈতিক দলের সব পর্যায়ের নেতৃত্বে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি দলীয় কার্যালয়ে নারীর জন্য স্বাচ্ছন্দপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টিরও দাবি জানান জনা গোস্বামী।

নারীর ক্ষমতায়নে মহিলা পরিষদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, “তবে এটি রাতারাতি সম্ভব নয়। কারণ নারীদের মাঝে এখনো অতোটা সচেতনতা গড়ে ওঠেনি।

“দেশের বিভিন্ন অঞ্চলে এখনো অনেক নারী তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী নন।”

সাংবাদিক মাহফুজ আনাম বলেন, অর্থনীতিতে নারীর অবদান তাদের ক্ষমতায়নের দাবিটি আরো যৌক্তিক করেছে। তবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।

“নারী সংগঠনগুলোকে এমন পর্যায়ে পৌঁছাতে হবে যাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে যে, তাদের দাবি পূরণ না করলে ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।”