২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউল হত্যার বিচার দাবি চবি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকরা।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, “আগেও শিক্ষকদের হত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের বিচার কাজ এখনও সম্পন্ন হয়নি।”

অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে মন্তব্য করে শফিউল হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি।

উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুস, অধ্যাপক তাহেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ হত্যা করা হলো শফিউল ইসলামকে।”

এ সব ঘটনার জন্য জামায়াত ও সহযোগী সংগঠনগুলোকে দায়ী করে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, “অতীতের মতো এখনও প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের ওপর জঙ্গিবাদী গোষ্ঠীর হামলা আমরা দেখতে পাই।

“প্রগতিশীল শিক্ষকরা এভাবে হত্যা ও হামলার শিকার হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।”

অতীতের অনেক ঘটনার মতো এ হত্যাকাণ্ডেরও বিচার কাজ শেষ না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক এমরান হোসেন।

চবি শিক্ষক সমিতির সহ-সভাপতি রাশেদ উন নবীর সভাপতিত্বে এ সমাবেশের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

শতাধিক শিক্ষকের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।