২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার দাবিতে রাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ

অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 02:56 PM

Updated : 25 Apr 2022, 04:59 PM

মঙ্গলবার সকাল থেকে শোক র‌্যালি, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিবিদ্যালয়ের শিক্ষক সমিতি, সমাজবিজ্ঞান বিভাগ ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

বেলা ১১টায় সমাজবিজ্ঞান বিভাগের ব্যানারে প্যারিস রোডে মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান মানববন্ধনে বলেন, “শফিউল হত্যাকাণ্ডের শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে।আমাদের পরিবারের আর যেন কোনো সন্তানকে এভাবে হারাতে না হয় সেজন্য জাতির কাছে, রাষ্ট্রের কাছে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সহকর্মী হত্যায় ক্ষুব্ধ শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার বলেন, “আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এ নিষ্ঠুর-বর্বর হত্যাকাণ্ডের বিচার চাই। এর জন্য যেটাই করতে হোক না কেন আমরা সেটা করতে প্রস্তুত।”

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি প্যারিস রোড হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সমাজবিজ্ঞান বিভাগের সামনে এসে শেষ হয়।

অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিহাস পল্লী এলাকায় হামলার শিকার হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক  শফিউল ইসলাম।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যে মারা যান এই অধ্যাপক।

হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে রবি ও সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।

খুনিদের গ্রেপ্তারে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন শিক্ষকরা।

এই সময়ের মধ্যে হত্যায় জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অধ্যাপক শফিউলকে হত্যায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদের পর ইসলামিয়া কলেজের অধ্যক্ষসহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।