আফসার-মাহিদুরের যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে
চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
আগামী ২৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটর সাহিদুর রহমান।
একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত দুই আসামিকে কারাগারে আটক রাখারও নির্দেশ দেয় আদালত।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই তিন জনের বিরুদ্ধে তিন ধরনের অভিযোগ আনা হয়েছে।
এ দুই আসামি একটি ফৌজদারি মামলায় চাঁপাইনবাবগঞ্জের কারাগারে রয়েছেন। পরে তাদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে যত অভিযোগ
তদন্ত সংস্থার তথ্যানুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই দুজন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে পাকিস্তানি দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্য সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন। সশস্ত্র প্রশিক্ষণ শেষ করার পর অস্ত্র ও প্রয়োজনীয় সংখ্যক গুলি সংগ্রহ করে অন্যান্য রাজাকারের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজ দখল করে রাজাকার ক্যাম্প স্থাপন করে এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্মান্তরিত করাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ করতে থাকেন।
অভিযোগ ২: ১৯৭১ সালের ১৩ অক্টোবর বেলা ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সহায়তায় রাজাকার বাহিনী শিবগঞ্জের এরাদত বিশ্বাসের টোলা এবং কবিরাজ টোলা গ্রামের ৭০টি বাড়িতে লুণ্ঠন চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
অভিযোগ ৩: ১৯৭১ সালের ২ নভেম্বর (১২ রমজান, ১৫ কার্তিক, মঙ্গলবার) বেলা ২টা থেকে পরের দিন ৩ নভেম্বর রাত পর্যন্ত তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমার শিবগঞ্জ থানাধীন শেরপুর ভাণ্ডার (লক্ষীপুর), আদিনা ফজলুল হক সরকারী ডিগ্রি কলেজ, শিবগঞ্জ সিও দেভ অফিস আর্মি ক্যাম্প এবং উপজেলাসংলগ্ন ইয়াকুব বিশ্বাসের আমবাগান এলাকায় মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সহায়তায় রাজাকার বাহিনী অপারেশন চালিয়ে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে এবং চার জনকে হত্যা করে।
