যুদ্ধাপরাধ: ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এই তিনজন হলেন- পটুয়াখালীর মো. ফোরকান মল্লিক, চাঁপাইনবাবগঞ্জের মো. মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন। এই তিনজনের বিরুদ্ধে মোট দুটি মামলা করা হয়েছে।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান সোমবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ফোরকান মল্লিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন। বাকি দুজন আটক আছেন অন্য মামলায়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগ আনা হচ্ছে পটুয়াখালীর ফোরকানের বিরুদ্ধে।
অন্য মামলায় মাহিদুর ও আফসারের বিরুদ্ধে আটক, অপহরণ ও হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনছে তদন্ত সংস্থা।
এ দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলেও এখনও কোনও আদেশ পাওয়া যায়নি।
ফোরকান মল্লিকের মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন সত্যরঞ্জন রায়; অন্য মামলাটি দেখছেন আলতাফুর রহমান।
তদন্ত প্রতিবেদন দুটি মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে বলে হান্নান খান জানান।
তৎকালীন মুসলিম লীগকর্মী ফোরকানের ৫ অভিযোগ
অভিযোগ ১: ১৯৭১ সালে বাংলা আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে (২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে) কোনো একদিন সন্ধ্যা ৬টার দিকে ফোরকান মল্লিক ও তার সঙ্গী অন্যান্য রাজাকাররা একদল পাকিস্তানী সেনাকে পথ দেখিয়ে গানবোটে করে নিয়ে এসে মির্জাগঞ্জ থানাধীন কাকড়াবুনিয়া গ্রামের হাওলাদার বাড়ির মো। কাঞ্চন আলী হাওলাদার, হাজী আবুল হাশেম হাওলাদারসহ মোট সাতজনকে আটক, নির্যাতন, তাদের বাড়িঘর লুটপাট করে। তাদের কাছ থেকে জোড়পূর্বক অর্থ আদায় করে একমাস আটকে রেখে তারপর ছেড়ে দেয়া হয়।
অভিযোগ ২: ১৯৭১ সালের আষাঢ় মাসের শেষদিকে (২ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে) যে কোনোদিন সকাল সাড়ে ৯টা থেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ফোরকান মল্লিক ও তার সঙ্গের অন্যান্য রাজাকাররা একদল পাকিস্তানী আর্মিদের পথ দেখিয়ে গানবোট ও স্পিডবোটসহ মির্জাগঞ্জ থানাধীন দেউলী গ্রামের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলতাফ হায়দারসহ মোট ছয়জনের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
অভিযোগ ৩: ১৯৭১ সালের ১২ অগাস্ট থেকে ৩১ অগাস্ট তারিখের মধ্যে ফোরকান মল্লিক ও তার সঙ্গের অন্যান্য রাজাকাররা একদল পাকিস্তানী আর্মিদের পথ দেখিয়ে গানবোট ও স্পিডবোটসহ মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সংবাদবাহক কাকড়াবুনিয়া গ্রামের হাফিয উদ্দিন খলিফা, মির্জাগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মো। আব্দুল কাদের জোমাদ্দার, সুবিদখালী বাজারের ডাক্তার দেবেন্দ্রনাথ সরকার ও তার স্ত্রী বিভা রাণীকে আটক, নির্যাতন, হত্যা, গণহত্যা, লুটপাট, ধর্ষণ, ধর্মান্তরিতকরণ ও দেশত্যাগে বাধ্য করে।
অভিযোগ ৪: ১৯৭১ সালের ভাদ্র মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত (২২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত) ফোরকান মল্লিক ও তার সঙ্গের অন্যান্য রাজাকাররা একদল পাকিস্তানী আর্মিদের পথ দেখিয়ে গানবোট ও স্পিডবোটসহ মির্জাগঞ্জ থানাধীন কাকড়াবুনিয়া বাজারে এসে বাজারে ও গ্রামে ৪ জনকে আটক, জখম, হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
অভিযোগ ৫: ১৯৭১ সালে ভাদ্র মাসের মাঝামাঝি (২৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর) যে কোনো ভোর আনুমানিক ৬টায় ফোরকান মল্লিক ও তার সঙ্গের অন্যান্য রাজাকাররা মির্জাগঞ্জ থানাধীন দক্ষিণ কলাগাছিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মৃধার বাড়িতে লুটপাট ও নির্যাতন চালায়।
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে যত অভিযোগ
তদন্ত সংস্থার তথ্যানুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই দুজন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে পাকিস্তানী দখলদার বাহিনীকে সহযোগিতা করার জন্য সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন। সশস্ত্র প্রশিক্ষণ শেষ করার পর অস্ত্র ও প্রয়োজনীয় সংখ্যক গুলি সংগ্রহ করে অন্যান্য রাজাকারদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজ দখল করে রাজাকার ক্যাম্প স্থাপন করে এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত করাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ করতে থাকেন।
অভিযোগ ১: ১৯৭১ সালের ৬ অক্টোবর সকাল ৬টা থেকে ৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত দুই দিনে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সহায়তায় পাকিস্তানি দখলদার ও রাজাকার বাহিনী অপারেশন চালিয়ে ৩৯ জনকে আটক, অপহরণ, নির্যাতন করে এবং ২৪জনকে হত্যা করে।
অভিযোগ ২:১৯৭১ সালের ১৩ অক্টোবর বেলা ১টা থেকে সন্ধ্যাপর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ মহকুমার শিবগঞ্জ থানাধীন এরাদত বিশ্বাসের টোলা এবং কবিরাজ টোলা গ্রামে মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সহায়তায়রাজাকার বাহিনী ৭০টি বাড়ী লুণ্ঠন চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
অভিযোগ ৩:১৯৭১ সালের ২ নভেম্বর (১২ রমজান, ১৫ কার্তিক,মঙ্গলবার) বেলা ২টা থেকে পরের দিন ৩নভেম্বর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ মহকুমার শিবগঞ্জ থানাধীন শেরপুর ভাণ্ডার (লক্ষীপুর), আদিনা ফজলুল হক সরকারী ডিগ্রি কলেজ, শিবগঞ্জ সিও দেভ অফিস আর্মি ক্যাম্প এবং উপজেলা সংলগ্ন ইয়াকুব বিশ্বাসের আমবাগান এলাকায় মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সহায়তায় রাজাকার বাহিনী অপারেশন চালিয়ে আটক, নির্যাতন, অপহরণ, লুন্ঠন, অগ্নিসংযোগ করে এবং চারজনকে হত্যা করে।
গত ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার দেখিয়ে মো. ফোরকান মল্লিককে কেন্দ্রীয় করাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত ২৫ জুন মো. ফোরকান মল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।।
অন্যদিকে মাহিদুর রহমান ও আফসার হোসেনচাঁপাইনবাবগঞ্জে দায়ের করা একটি মামলায় আটক হয়েসেখানের জেল হাজতে রয়েছে। তবে তাদের মানবতাবিরোধী অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো বিষয়ক আবেদনের শুনানি আগামী ২ নভেম্বর ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
