২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈকতের জায়গা দখলের অভিযোগ

কক্সবাজারের কলাতলী পয়েন্টে সমুদ্র সৈকতের  জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

শংকর বড়ুয়া রুমি, , বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

জায়গাটিতে নির্মাণে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেন থিওটনিয়াস গোমেজ নামের ওই ব্যক্তি। তবে, জেলা প্রশাসক এ বিষয়ে অবগত নন বলে জানান।

থিওটনিয়াস গোমেজ কলাতলী পয়েন্টে সৈকত সংলগ্ন ‘সি ক্রাউন হোটেলের’ পাশে অবস্থিত ‘ম্যাগ ডেরিন বিচ ক্যাফে’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন আগে সি ক্রাউন হোটেলের সামনে সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের জন্য বালুর স্তূপ করে একটি জায়গা বাঁশ ও রশি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

এ বিষয়ে থিওটনিয়াস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এ কাজ করছেন। এ সময় তিনি একটি অনুমতিপত্রও প্রদর্শন করেন।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, সৈকতকে রক্ষা করে বালি ও লতা। সৈকতে বালি স্তূপ তৈরিসহ পুরো কাজ পরিবেশের জন্য ক্ষতিকর। জেলা প্রশাসন যদি অনুমতি দিয়ে থাকে তাহলে  তা বাতিল করা উচিত।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, বর্তমানে সৈকতের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে, সৈকতে এ ধরনের স্থাপনা নির্মাণের  অনুমতি দেয়ার কোনো প্রশ্ন আসে না।

এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।