২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত ছাত্রলীগ নেতার পক্ষে চট্টগ্রামে মিছিল

জাহাজের বর্জ্য তেল সংগ্রহের কাজ পেতে মহড়া দিয়ে বহিষ্কৃত এক নেতার পক্ষে নেমেছে চট্টগ্রাম ছাত্রলীগের একাংশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার নগরীর কয়েকটি স্থানে নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল হয়েছে।

একই দাবিতে সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে ১১ থানা-ওয়ার্ড-কলেজ ছাত্রলীগ ব্যানারে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

এদিকে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যহারের দাবিতে রোববার নগরীতে পতেঙ্গা থানা ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য কামরুজ্জামান রাব্বি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রামের ছাত্র রাজনীতির পরিচ্ছন্ন সংগঠক জাকারিয়া দস্তগীরের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

“দীর্ঘদিন ধরে একটি মাফিয়া চক্র আগ্রাবাদ ও বন্দর এলাকায় ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করে শিপিং এজেন্টগুলোতে ব্যবসা করছে। এই মাফিয়া চক্র ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার কৌশল নিয়েছে।”

পতেঙ্গা থানার ওই সমাবেশে বক্তব্য রাখেন রবিউল হাসান, সোহেল রায়হান, জাহেদ, মহিউদ্দিন রিয়াম প্রমুখ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এ বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে পতেঙ্গা ‍থানা ছাত্রলীগের কমিটি নেই। কমিটি না থাকায় কেউ নিজেদের থানা ছাত্রলীগ দাবি করতে পারে।

“তবে মহানগর ছাত্রলীগের ব্যানার তারা ব্যবহার করতে পারে না। রাব্বি নামের একজনকে আমি চিনি। তবে অন্যদের আমি চিনি না। আরও কয়েকটি স্থানে মিছিল হয়েছে বলে শুনেছি।”

১১ থানা-ওয়ার্ড-কলেজ ছাত্রলীগের ব্যানারে জাকারিয়া দস্তগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন আয়োজনের বিষয়টি রাকিব হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়।

নুরুল আজিম রনি বলেন, “রাকিব হায়দার ডবলমুরিং ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের সাথে জড়িত। এ ধরনের কর্মসূচির বিষয়ে নগর ছাত্রলীগকে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি।

“কেন্দ্রীয় ছাত্রলীগ এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। এদিকে তৃণমূলের নেতাকর্মীরা এবং জাকারিয়ার অনুসারীরা কর্মসূচি পালন করছে। শিগগির আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।”

গত বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে একটি শিপিং প্রতিষ্ঠানে গিয়ে জাহাজের বর্জ্য তেল সংগ্রহের কার্যাদেশ পেতে মহড়া দেয় নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

পরে বিষয়টি জানাজানি হলে ওইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক সভার সিদ্ধান্ত অনুসারে জাকারিয়া দস্তগীরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পুরনো খবর:

‘জমি দখলে যোগসাজশে’ মহিউদ্দিন-মঞ্জুর