২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমি দখলে যোগসাজশে’ মহিউদ্দিন-মঞ্জুর

চট্টগ্রাম নগরীর ও আর নিজাম সড়কের বিরোধপূর্ণ ৭৪ গণ্ডা জমি বর্তমান সিটি মেয়র মঞ্জুর আলম ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ‘যোগসাজশে দখল করেছেন’ বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন জমির মালিক দাবিদার ছয় ব্যক্তি।

বর্তমান ও সাবেক মেয়র বিরোধপূর্ণ ওই জমিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পারিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চুক্তিপত্র মূলে জমির মালিক দাবিদার জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন ওয়ারিশ সূত্রে মালিকানার দাবিদার আবু বক্কর,ইব্রাহিম খলিল, মো. ইলিয়াস, গোলতাজ বেগম ও গোলসান বেগম।

সংবাদ সম্মেলনে জহর চক্রবর্তী বলেন, ১৯২৭ সাল থেকে এই জমির মালিক সমদ আলীর চার ছেলে হায়দার আলী, ইমাম আলী, আবদুল গণি ও এয়াকুব আলী।

“প্রথম দুজন ওয়ারিশবিহীন অবস্থায় মারা যাওয়ায় পুরো জমির মালিক হন আবদুল গণি ও এয়াকুব আলী। তাদের মৃত্যুর পর মালিক হন তাদের ওয়ারিশগণ। আবদুল গণির সন্তানদের সঙ্গে করা চুক্তিপত্র মূলে আমিও জমির মালিক।”

এই ৭৪ গণ্ডা জমির মালিকানা নিয়ে দামপাড়া আলাদী জমাদার ওয়াকফ এস্টেটের সঙ্গে মালিকদের মামলা চলছে। হাই কোর্টে করা এ সংক্রান্ত মামলায় বিজয়ী হন আবদুল গণি ও এয়াকুব আলীর ওয়ারিশরা। এরপর ওয়াকফ এস্টেট আপিল বিভাগে আপিল করে।

জহর চক্রবর্তী বলেন, ১৯৯৬ সালের দিকে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা জমিটি দখল করে নেয়। দখল নিয়ে মারামারিও হয়। পরে তারা বিভিন্ন জনের কাছে জমিটি বিক্রি করে।

“জমির মালিকানা বিষয়ক মামলা শেষ হয়নি। ওই জমিতে কোনো স্থাপনা নির্মাণে জজ কোর্টের স্থগিতাদেশও আছে। তারপরও সিটি করপোরেশন সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে।”

বিরোধপূর্ণ ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগানো হয় গত ৩০ মার্চ। এর আগে গত ১৯ মার্চ সেখানে মেয়র মঞ্জুর আলমের বিবাহ বার্ষিকীর মেজবান আয়োজন করা হয়।

২০০১ সালে নগরীতে সিটি করপোরেশনের পরিচালানাধীন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তৎকালীন সিটি মেয়র মহিউদ্দিন।

সেসময় নগরীর প্রবর্তক মোড়ে নালার ওপর বিশ্ববিদ্যালয়টির প্রথম ভবন নির্মাণ করে ব্যাপক সমালোচনায় পড়েন মহিউদ্দিন।

প্রতিষ্ঠাতা হিসেবে এখনো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মহিউদ্দিন। বর্তমান মেয়র হিসেবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

জহর চক্রবর্তী বলেন, “দুই মেয়র (বর্তমান ও সাবেক) দুই দলের রাজনীতি করলেও জমি দখলে সবাই একদল। সর্বোচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় যিনি জমি দখল করেন নগরপিতা থাকার অধিকার তার নেই।”

২০১০ সালে মেয়র নির্বাচনে নিজের রাজনৈতিক শিষ্য এবং পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মঞ্জুর  আলমের কাছে এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন তিন বারের মেয়র মহিউদ্দিন।

বর্তমান মেয়র ‘ভুয়া’ এক মালিকের কাছ থেকে ১৫ গণ্ডা জমি বিশ্ববিদ্যালয়ের নামে বায়না করেছেন দাবি করে এখন পুরো জমি দখল করতে চাইছেন বলে অভিযোগ করেন জহর।