২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় ছাত্রীকে সহযোগিতা করে পরিদর্শক শ্রীঘরে

চট্টগ্রামে জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) গণিত পরীক্ষা চলাকালে ছাত্রীকে সহযোগিতার অপরাধে এক পরিদর্শককে তিনমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

সোমবার দুপুরে নগরীর গনি বেকারি এলাকায় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় পরিদর্শক হারুণ উর রশিদকে এই সাজা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই শিক্ষক যে কক্ষে পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন তাতে অবস্থান না করে পাশের কক্ষে গিয়ে এক ছাত্রীকে অঙ্ক দেখিয়ে দিচ্ছিলেন।”

পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর আওতায় তাকে তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে রুহুল আমিন জানান।

হারুণ উর রশিদ দারুল উলুম কামিল মাদ্রাসায় দায়িত্ব পালন করলেও ওই প্রতিষ্ঠানের শিক্ষক নন। তবে তিনি কোন প্রতিষ্ঠানের শিক্ষক তা জানা যায়নি।

জেডিসি পরীক্ষার সূচি অনুযায়ী সোমবার গণিত পরীক্ষা ছিল।