২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপু ও স্ত্রীর জামিন, ছেলে রিমান্ডে

পুত্রবধূ হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তার স্ত্রী উচ্চ আদালতের আগাম জামিন পেলেও তাদের ছেলে ও  নিহতের স্বামী হুমায়ুন সুলতানকে বিচারিক আদালত রিমান্ডে পাঠিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 07:18 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

পুরনো খবর:

‘শ্যামা আত্মহত্যা করতে পারে না’
পুত্রবধূ হত্যা: টিপু সুলতান ও স্ত্রীর আগাম জামিন
স্ত্রী হত্যা: টিপুর ছেলে হুমায়ুন ৩ দিনের রিমান্ডে
টিপু সুলতানের পুত্রবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
স্ত্রী হত্যার মামলায় টিপুর ছেলে গ্রেপ্তার

টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম রোববার হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।  

এর আগে সকালে তাদের ছেলে হুমায়ুনকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।  

আসামির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এর বিরোধিতা করলেও তিনি জামিনের কোনো আবেদন করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুনের স্ত্রী শামারুখ মাহজাবিন শ্যামাকে (২৪) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পর টিপুর পরিবার আত্মহত্যার কথা বলে।

ওই রাতেই শ্যামার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন।

হুমায়ুন ওই সময় ধানমণ্ডি থানায় ছিলেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার দুপুরে টিপু ও জেসমিন হাই কোর্টে হাজির হয়ে জামিন চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।

তাদের আইনজীবী ফজলুল হক খান ফরিদ আদালতের আদেশের পর সাংবাদিকদের বলেন, “আমরা আগাম জামিন পেয়েছি। আদালত আমাদের আবেদন নিষ্পত্তি করে দিয়ে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে।”

তিনি শুনানিতে বলেন, “তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এজাহারে ছিল না। ঘটনার পর টিপু সুলতানই মেয়ের বাবাকে বিষয়টি জানিয়েছেন। হত্যার ঘটনা হয়ে থাকলে তারা এ কাজ করতেন না।”

টিপু সুলতান আইনজীবী সমিতির একজন সদস্য এবং ডা. জেসমিন একজন অধ্যাপক জানিয়ে ফজলুল হক  আদালতকে বলেন, এ মামলায় তারা আগাম জামিন পেতে পারেন।

মামলা হওয়ার আগে থানায় হুমায়ুনের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের সখ্য দেখে শ্যামার বাবা নুরুল ইসলাম অভিযোগ করেছিলেন, প্রভাব খাটিয়ে এই ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

যশোরে পিডব্লিউডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে শ্যামার সঙ্গে দুই বছর আগে মনিরামপুরের সাবেক সংসদ সদস্য টিপুর বড় ছেলের বিয়ে হয়।

Image
বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)

বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)

শ্যামা রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্ন শেষ করার পর বিএসএমএমইউতে এফসিপিএস ডিগ্রি নিতে ভর্তি হয়েছিলেন। স্বামীর সঙ্গে ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে শ্বশুরের বাসায় থাকতেন শ্যামা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাশুড়ি জেসমিন আরাই পুত্রবধূ শ্যামাকে নিয়ে সেন্ট্রাল হাসপাতালে যান। হলি ফ্যামিলির গাইনি বিভাগের এই চিকিৎসক বর্তমানে ছুটিতে আছেন।   

টিপু সুলতানের দাবি, বাসায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া শ্যামাকে দরজা ভেঙে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বুধবার একটি টেলিফোন কল নিয়ে শ্যামার সঙ্গে তার স্বামীর ঝগড়া হওয়ার খবর তারা পেয়েছেন।

“গতকাল (বুধবার) স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়। এরপর আজ সকালে তারা দুজনে বাসা থেকে বের হয়। দুপুরে শ্যামা বাসায় ফিরে কাজের বুয়াকে বলেছে, ‘আমার কাজ আছে’। এই বলে বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়।

“পরে দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে গ্রিলের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

শ্যামার লাশ দেখে মামা শহীদুর সেদিন সন্দেহ করেন, তার ভাগ্নীকে হত্যা করা হয়েছে।

সহপাঠী ডালিয়া নওশীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামার পিঠে আঘাতের চিহ্ন দেখেছেন তারা। তাছাড়া আত্মহত্যা বলা হলেও গলায় ওড়নার ছাপ গভীর নয়।

ওই রাতেই শ্যামার লাশের ময়নাতদন্ত হলেও তার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।