২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার মামলায় টিপুর ছেলে গ্রেপ্তার

স্ত্রী হত্যার মামলায় গ্রেপ্তার হয়েছেন যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 01:47 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার মধ্যরাতে করা এই মামলায় অ্যাডভোকেট টিপু এবং তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকেও আসামি করা হয়েছে বলে ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির ৬ নম্বর রোডে টিপুর বাড়ি থেকে হুমায়ুনের স্ত্রী শামারুখ মাহজাবিন শ্যামাকে (২৪) সেন্ট্রাল হাসপাতালে আনার পর টিপুর পরিবার আত্মহত্যার কথা বলেছিলেন।

রাতে শ্যামার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন।

হুমায়ুন ওই সময় ধানমণ্ডি থানায় ছিলেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ওসি আবু বকর।

এর আগে থানায় হুমায়ুনের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের সখ্য দেখে নুরুল ইসলাম অভিযোগ করেছিলেন, প্রভাব খাটিয়ে এই ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

মামলা হওয়ার আগে রাতে ধানমণ্ডি থানায় গিয়ে দেখা যায়, ওসির কক্ষে হুমায়ুনের সঙ্গে তার বন্ধু পরিচয় দিয়ে রয়েছেন পুলিশ সদর দপ্তরের এএসপি রিয়াজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে এএসপি রিয়াজ বলেন, “আমার বন্ধু হূমায়ুন। তার জন্য থানায় এসেছি। কাউকে প্রভাবিত করছি না।

“আপনারা ওসি সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি তাকে কোনো বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করছি কি না।”

তার আগেই নুরুল ইসলাম বলেছিলেন, “হুমায়ুন সুলতান, তার মা ও বাবার বিরুদ্ধে আমার মেয়েকে হত্যার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।”

এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে রাত ১টার দিকে মামলায় হুমায়ুনকে গ্রেপ্তারের কথা জানান ওসি আবু বকর।

যশোরে পিডব্লিউডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে শ্যামার সঙ্গে দুই বছর আগে মনিরামপুরের সাবেক সংসদ সদস্য টিপুর বড় ছেলের বিয়ে হয়।

শ্যামা রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষ করার পর বিএসএমএমইউতে এফসিপিএস ডিগ্রি নিতে ভর্তি হয়েছিলেন। স্বামীর সঙ্গে ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে শ্বশুরের বাসায় থাকতেন শ্যামা।

ওই বাড়ি থেকে বিকালে টিপু সুলতানের স্ত্রী জেসমিন আরা বেগম পুত্রবধূ শ্যামাকে নিয়ে সেন্ট্রাল হাসপাতালে যান। জেসমিন হলি ফ্যামিলির গাইনি বিভাগের চিকিৎসক।  

টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া শ্যামাকে দরজা ভেঙে নামিয়ে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপমৃত্যুর ঘটনা হওয়ায় পুলিশও সেন্ট্রাল হাসপাতালে যায়। তখন ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক সংসদ সদস্যের পুত্রবধূ আত্মহত্যা করেছেন বলে তারা খবর পেয়েছেন।

হুমায়ুন পুলিশকে বলেছেন, তাদের শোবার ঘরের বাথরুমের জানালায় শ্যামাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার মা পুত্রবধূকে নামিয়ে আনেন।

ওসি আবু বকর বলেন, “হুমায়ুন বলেছেন, তার মা জেসমিন আরা বেগম দেখেন যে শ্যামার পালস নেই। এরপর অ্যাম্বুলেন্সে করে বাসার পাশের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

সন্ধ্যার দিকে নেওয়ার পর হাসপাতালে চিকিৎসকরা শ্যামাকে মৃত ঘোষণা করেন।

Image
বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)

বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)

এর আগে বুধবার একটি টেলিফোন কল নিয়ে শ্যামার সঙ্গে তার স্বামীর ঝগড়া হওয়ার খবর জানতে পেয়েছেন বলেও পুলিশ কর্মকর্তা রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

“গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়। এরপর আজ সকালে তারা দুজনে বাসা থেকে বের হয়। দুপুরে শ্যামা বাসায় ফিরে কাজের বুয়াকে বলেছে, ‘আমার কাজ আছে’। এই বলে বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়।”

“পরে দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে গ্রিলের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

সন্ধ্যায় সেন্ট্রাল হাসপাতালে গিয়ে শ্যামার সহপাঠী ও তার মামাকে দেখা গেলেও শ্বশুর বাড়ির কাউকে দেখা যায়নি।   

শ্যামার বাবা যশোরেই থাকেন, মা এক বছর আগে মারা গেছেন। শ্যামার এক ভাই রয়েছে।

শ্যামার লাশ দেখে মামা শহীদুর সন্দেহ করেন, তার ভাগ্নীকে হত্যা করা হয়েছে।

সহপাঠী ডালিয়া নওশীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামার পিঠে আঘাতের চিহ্ন দেখেছেন তারা। তাছাড়া আত্মহত্যা বলা হলেও গলায় ওড়নার ছাপ গভীর নয়।

তখন সেন্ট্রাল হাসপাতালে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আব্দুল বাতেন এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বলেন, “এটি আত্মহত্যা, না হত্যা- তা ময়নাতদন্ত হলেই নিশ্চিত হওয়া যাবে।

যশোর থেকে রওনা হয়ে রাত সাড়ে ৯টার দিকে শ্যামার বাবা নুরুল ইসলাম সেন্ট্রাল হাসপাতালে পৌঁছান। তিনিও অভিযোগ করেন, তার মেয়েকে মেরে ফেলা হয়েছে।

তিনি জানান, বিয়ের সময় তাদের জানানো হয়েছিল যে হুমায়ুন ব্যারিস্টার, কিন্তু পরে তারা জানতে পারেন যে তাদের জামাতা ব্যারিস্টার নন।

“সবই মেনে নিয়েছিলাম, তারপরও মেয়েটাকে মেরে ফেলল,” বলেই কেঁদে ফেলেন নুরুল ইসলাম।   

সেন্ট্রাল হাসপাতাল থেকে শ্যামার লাশ পরে ধানমণ্ডি থানায় নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে হুমায়ুনও সেখানে যান।

ময়নাতদন্তের জন্য শ্যামার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়ার কথা। তবে শ্যামার পরিবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি তুলেছে।

লাশের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিবারের উপস্থিতিতে লাশ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করবেন, এরপর ময়নাতদন্ত নিয়ে কোনো আপত্তি থাকলে আদালতে শ্যামার পরিবার প্রতিকার চাইতে পারবেন।

পুরনো খবর:

টিপু সুলতানের পুত্রবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
স্ত্রী হত্যার মামলায় টিপুর ছেলে গ্রেপ্তার