স্ত্রী হত্যা: টিপুর ছেলে হুমায়ুন ৩ দিনের রিমান্ডে
যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতানকে স্ত্রী হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বিয়ের দিনে শামারুখ মাহজাবিন শ্যামা ও হুমায়ুন সুলতান (পারিবারিক অ্যালবামের ছবি)
সকালে হুমায়ুনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান এ মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এস আই শরিফুল ইসলাম।
অন্যদিকে আসামির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এর বিরোধিতা করেন।
তবে জামিনের কোনো আবেদন ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডির ৬ নম্বর রোডে টিপুর বাড়ি থেকে হুমায়ুনের স্ত্রী শামারুখ মাহজাবিন শ্যামাকে (২৪) সেন্ট্রাল হাসপাতালে আনার পর টিপুর পরিবার আত্মহত্যার কথা বলেছিল।
রাতে শ্যামার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন।
হুমায়ুন ওই সময় ধানমণ্ডি থানায় ছিলেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ওসি আবু বকর।
