২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু, তদন্তে কমিটি

খুলনার ডুমুরিয়া থানা হেফাজতে থাকাকালে ওষুধ ব্যবসায়ী তুষার কান্তি পালের মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

এদিকে তুষারকে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার স্বজনরা।  

এছাড়া এটিকে হত্যাকাণ্ড দাবি করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রোববার প্রতিবাদ সমাবেশ করেছে, যেখানে পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করা হয়।

শুক্রবার রাতে তুষারকে গ্রেপ্তার করে খুলনার ডুমুরিয়া থানা পুলিশ। শনিবার তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, আদালতে নেওয়ার সময় দোতলা ভবন থেকে লাফ দিয়ে তুষার আত্মহত্যা করেছেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জয়দেব চৌধুরীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) বিভূতি ভূষণ চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাজ্জাদ হোসেন ও ওসি (ডিবি) ত ম রোকনুজ্জামান।

তদন্ত কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

শফিউল্লাহ আরও বলেন, একটি অপহরণ মামলায় তুষারকে আদলতে হাজিরের আগে ওই মামলার তদন্ত কর্মকর্তা দেখা করতে আসেন। তারা ২/৩ মিনিট ছিলেন। পরে বেরিয়ে গিয়ে আদালতে যাওয়ার সময় তুষার দোতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

তুষার পালের স্ত্রী তনুশ্রী পাল অভিযোগ করেন, শুক্রবার রাতে তুষারকে গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা পুলিশ। শনিবার সকালে থানা হাজতে দেখা করতে গেলে তুষার তার শরীরের বিভিন্ন স্থানে পুলিশের নির্যাতনের চিহ্ন তাকে (তনুশ্রী) দেখান।

তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন “ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না আমার স্বামী তার দুই ছেলে মেয়ে ও আমাকে রেখে আত্মহত্যা করতে পারে।”

তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তুষারের ছেলে শোভন পাল এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছে এবং মেয়ে তৃণা পালের বয়স চার বছর।

ময়নাতদন্তকারী একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুষার দোতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। আত্মহত্যা করলে তার শরীরের বিভিন্ন জায়গা বিশেষ করে হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হতো।

কিন্ত তুষারের মাথার দুই পাশ ও মাথার তালুতে ভারি কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। তার মাথার দুই পাশ ও তালুর উপরের শক্ত অংশ ভেঙ্গে থেঁতলে গেছে। এছাড়া তার হাঁটু ভেঙে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, “শুক্রবার তুষার পালকে আটকের পর তাকে ডুমুরিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার আদালতে হাজিরের আগে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপারের (দক্ষিণ) সঙ্গে আলাপ করতে যাই।

“সেখান থেকে আদালতে যাওয়ার পথে সে দোতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।”

চলতি বছরের জুলাই মাসে ডুমুরিয়া উপজেলা সদরের এক ব্যক্তির (নাম প্রকাশ করা হলো না) মেয়েকে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দেড়লাখ টাকা দিয়ে মেয়েকে মুক্ত করেন তিনি।

এ ঘটনায় ওই ব্যক্তি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। যে বিকাশ নম্বর থেকে চাঁদা দাবি করে অপহরণকারীরা সেই বিকাশ নম্বরের জামিনদার ছিলেন তুষার পাল।

এ কারণে সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে তুষারকে আটক করে পুলিশ।

রোববার  নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর ও জেলা শাখা।

সমাবেশে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু অভিযোগ করেন, “নিরীহ তুষার পালকে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

“নির্যাতনের সঙ্গে জড়িত ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহর অপসারণ ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”

তুষারের প্রতিবেশী নারায়ণ চন্দ্র নাথ ও দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা গত ২০ বছর ধরে তুষারকে চেনেন। তিনি বয়রা পূজা খোলা এলাকায় ওষুধের ব্যবসা করে আসছেন তখন থেকেই।

তার বিরুদ্ধে আজ পর্যন্ত খারাপ কোনো কিছু দেখেননি বলে জানান তারা।