ময়নাতদন্ত: টুনি আত্মহত্যাই করেছেন
আশির দশকে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক 'এই সব দিন রাত্রি'র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপা ‘আত্মহত্যা’ করেছেন বলেই ময়নাতদন্তে নিশ্চিত হয়েছেন চিকিৎসক।
গত ১৬ অক্টোবর গুলশানের ফ্ল্যাট থেকে ৩৫ বছর বয়সী লোপার লাশ উদ্ধারের পরপরই পুলিশ আত্মহত্যার সন্দেহের কথা বলেছিল।
ওইদিনই তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।
গুলশান থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবিবার সকালে ময়নাতদন্তের প্রতিবেদন এসেছে। তাতে বলা হয়েছে নায়ার সুলতানা আত্মহত্যা করেছেন।”
তবে এই প্রতিবেদনে সন্তুষ্ট নন লোপার মা রাজিয়া সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ও আত্মহত্যা করেনি। ওকে পরিকল্পিতভাবে হত্যার পর টাকা দিয়ে ওর স্বামী ময়নাতদন্তের রিপোর্ট কিনে ফেলেছে। আমরা আদালতে যাব।”
আমিন বেঙ্গল তোয়াল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আল আমিনকে মামলার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। এই দম্পতির ৯ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান,আল আমিন নানাভাবে লোপার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে তার পরিবারের অভিযোগ। তাদের ধারণা,অতিরিক্ত অত্যাচার সইতে না পেরেই লোপা আত্মহত্যার পথ বেছে নেন।
১৯৮৫-৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এই সব দিন রাত্রি’ নাটকে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন লোপা। নাটকের শেষ পর্যায়ে টুনি চরিত্রের অসুস্থ হয়ে মৃত্যু দেখান জনপ্রিয় নাট্যকার হুমায়ূন আহমেদ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হুমায়ূনের কুশপুত্তলিকাও পোড়ান হয়।
