তারা ল্যাপটপেই বন্দি ছিলেন: ইয়াফেস
বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা বাংলাদেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা ‘মূলত ল্যাপটপেই বন্দি’ ছিলেন বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
রোববার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
“সব কাজে মান রক্ষা করাটা একটা বড় জিনিস। সেটার মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এগোচ্ছে বলে ইন্টারন্যাশনালি মোটামুটি সবাই জানে টেকনোলজির দিক দিয়ে বাংলাদেশ একটা ভিন্ন জায়গায় চলে গেছে।”
ফাইল ছবি
“যাদেরকে এটা (বিজ্ঞান ও প্রযুক্তি) পপুলার (জনপ্রিয়) করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, আমারই টিচার ড. জামিলুর রেজা চৌধুরী। উনারা কিন্তু বেসিকালি আসলে ল্যাপটপের মধ্যেই বন্দি হয়ে ছিলেন।”
২০০৯-১৩ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা- টেশিস এর মাধ্যমে প্রথমবারের মতো দেশে কম দামের ল্যাপটপ উৎপাদন শুরু হয়।
ওই সময় তথ্য-প্রযুক্তির উন্নয়নে গঠিত জাতীয় টাস্কফোর্সের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ইয়াফেস ওসমান ওই সরকারেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা সেটাকে ভেঙে সাধারণ মানুষের হাতে যে যন্ত্রটা, সেই মোবাইল নিয়ে এগিয়েছি। আজকাল দেখা যায় ল্যাপটপও গুরুত্বহীন হয়ে যাচ্ছে এ ছোট যন্ত্রের কাছে।”
নতুন প্রযুক্তিকে জনপ্রিয় করতে সরকারের চেষ্টার বিবরণ তুলে ধরার পরপরই জাতীয় তথ্য বাতায়ন নিয়ে স্বরচিত একটি ছড়া আবৃত্তি করেন ইয়াফেস ওসমান।
“সবকিছু জানা যায়, জেনে নিন প্রতিক্ষণ/ সে সুযোগ এনে দিল, জাতীয় তথ্য বাতায়ন।”
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রযুক্তির সঙ্গে সব মানুষের সম্পৃক্ততার কথা বলেন। সেটা আমি কবিতা করে বলি, ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য/ ডিজিটাল বাংলাদেশ হবে সব মানুষের জন্য’।”
মন্ত্রণালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করে তিনি বলেন, জাতীয় তথ্য বাতায়নের অধীনেই নতুন এ ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে।
“আগের ঠিকানাই (www.most.gov.bd) থাকছে। আগের ওয়েব পোর্টালের তুলনায় এটি বেশি সুবিন্যস্ত, তথ্যবহুল এবং সহজে ব্যবহারযোগ্য। বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই এ ওয়েব পোর্টাল দেখা যাবে।”
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খোন্দকার মো. আসাদুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
