চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান
চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ।
রোববার বেলা ১১টায় নগরীর ওয়াসা মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযান শুরু হয়।
দুপুর ১২টা পর্যন্ত সেখানে একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। আরও অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চলছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তার সঙ্গে রয়েছে সিএমপির একটি দল।
সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১টা থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একটি বিলবোর্ড উচ্ছেদ করেছি। আরও করা হবে।”
এর আগে গত বৃহস্পতিবার বিকালে এক সভা শেষে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল রোববার থেকে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেন।
সিসিসির করা তালিকায় নগরীতে বৈধ বিলবোর্ড ছয় হাজার ৪৮৫টি আর অবৈধ বিলবোর্ড ৪২২টি। তালিকা অনুসারে অবৈধগুলোর মধ্যে ৬৮টি ইতিমধ্যে অপসারণ করা হয়েছে।
এই তালিকা অনুসারেই উচ্ছেদ অভিযান চলছে।
বন্দর নগরীতে ক্রমবর্ধমান বিলবোর্ড নিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের গত এক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে আসছেন।
সর্বশেষ মন্ত্রীর অভিযোগের পর সিসিসির বিলবোর্ড পরিদর্শককেও বদলি করা হয়।
