গাইবান্ধায় আগুনে পুড়লো লোকনাথ মন্দির
গাইবান্ধা শহরের ভি-এইড রোডের কালীবাড়ির মন্দির চত্বরের লোকনাথ মন্দির আগুনে পুড়ে গেছে।
শনিবার দুপুরে পুড়ে যাওয়া ওই মন্দিরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে অভিযোগ করেছে গাইবান্ধা সদর উপজেলা পূজা উদযাপন কমিটি।
গাইবান্ধা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজন প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক যুগ ধরে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ছন দিয়ে তৈরি করা লোকনাথ মন্দিরটি অবস্থান করছে।
“কোনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্দিরের পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে লোকনাথ মন্দিরের ঘর, পূজার সামগ্রী পুড়ে যায় এবং লোকনাথ বাবার বিগ্রহ নষ্ট হয়ে যায়।”
পরে গাইবান্ধা ফায়ার সাভির্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
