২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের টাকা যোগাড়ে’ অপহরণ, পরে ধরা

চট্টগ্রাম বন্দরে চাকরি পেতে ‘ঘুষের টাকা যোগাড়ে’ এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

নগরীর হালিশহর এলাকায় টানা অভিযান চালিয়ে বৃহস্পতিবার তিন অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে হালিশহর থানার এসআই সজল কান্তি দাশ জানান।

উদ্ধার হওয়া মো. ইয়াকুব আলী (৩৬)। পাহাড়তলী থানার উত্তর কাট্টলী আগ্রা পাড়ার বাসিন্দা এখলাছূর রহমানের ছেলে। 

গ্রেপ্তাররা হলেন- মো. জসীম (২৬), মো. ইসমাইল (২৫) ও মো. নাঈম ইসলাম।  

এদের মধ্যে জসীম বন্দরে গাড়িচালকের চাকরি পেতে ‘ঘুষের টাকা যোগাড়ে’ সঙ্গীদের নিয়ে ইয়াকুবকে অপহরণ বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজল কান্তি দাশ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার রাতে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ইয়াকুবকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন গ্রেপ্তাররা।

বিষয়টি ইয়াকুবের ভাই মুনছেফ আলী পুলিশকে জানালে পুলিশ অপহরণকারীদের ধরতে রাতেই অভিযানে নামে।

এসআই সজল বলেন, “টাকা দেওয়ার প্রলোভন দিয়ে পুলিশ অপহর‌ণকারীদের সাথে যোগাযোগ করে। ওইদিন গভীর রাতে টাকা নিতে আসলে হালিশহর আনন্দধারা আবাসিক এলাকা থেকে জসীম, ইসমাইল ও নাঈমকে গ্রেপ্তার করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালালে সেখানে থাকা অন্য দুই যুবক প্রাইভেট নিয়ে পালিয়ে যায়।

এসময় পুলিশ তাদের ধাওয়া করলে ছোটপুল এলাকায় হাত পা বাঁধা অবস্থায় ইযাকুবকে গাড়ি থেকে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

এসআই সজল বলেন, পরে গ্রেপ্তার তিনজনের মাধ্যমে যোগাযোগ করে শিশু পল্লী এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয় এবং মইন্যাপাড়া বালুর মাঠ থেকে তাদের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।

জসীম পুলিশকে জানায়, আটক গাড়িটি নাভানা সিএনজি স্টেশনের এবং তিনি এর চালক।

“জিজ্ঞাসাবাদে জসীম বলেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চালকের চাকরি পেতে ঘুষের জন্য তার দুই লাখ টাকা প্রয়োজন ছিল। এই টাকা যোগাড় করতে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা করে।”

এ ঘটনায় জড়িত সন্দেহে মো. লতিফ নামে অপর এক যুবককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে তদন্ত কর্মকর্তা সজল জানিয়েছেন।