বাল্য বিয়ের চেষ্টা, বাবা-মা কারাগারে
তৃতীয় শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মেয়েটির বাবা ও মায়ের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান এই সাজা দেন।
শুক্রবার দুপুরে মেয়েটির বাবা ও মাকে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর (১১) সঙ্গে একই উপজেলার বড়ভিটা গ্রামের তার আপন ফুফাত ভাইয়ের সঙ্গে বিয়ের আয়োজন সম্পন্ন করে পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে বর আসার আগে গ্রামের এক ব্যক্তির ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন।
পরে মেয়েটির বাবা ও মাকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
