২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ তাপসের উকিল নোটিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গত ৫ নভেম্বর প্রকাশিত ‘আইজিডব্লিউ ব্যবসা কুক্ষিগত করতে ছক’ শীর্ষক সংবাদের একটি অংশ নিয়ে প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিস পাঠিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আইনজীবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 08:17 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

নোটিসে বলা হয়, “প্রকাশিত সংবাদের ‘২০১২ সালে ডিজিকন টেলিকমিউনিকেশন প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ আত্মীয়ের সুপারিশে লাইসেন্স পায়। কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের মতে, সেই আত্মীয় তার ভাতিজা সংসদ সদস্য ফজলে নূর তাপস’ এই অংশের মাধ্যমে সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।”

ডিজিকন টেলিকমিউনিকেশনের সঙ্গে ব্যারিস্টার ফজলে নূর তাপসের কোন সংশ্লিষ্টতা নেই বলেও নোটিসে বলা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য

সংসদ সদস্য ফজলে নূর তাপস মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনীতিবিদ শহীদ শেখ ফজলুল হক মনির পুত্র। আইনজীবী হিসেবে তার খ্যাতি ‍ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তার প্রয়াত পিতার প্রতি প্রতিবেদকের শ্রদ্ধা রয়েছে।

সাংবাদিকতার ব্যাকরণ ও রীতি মোতাবেক সূত্রের নাম গোপন রাখার অলঙ্ঘনীয় শর্ত মেনে প্রতিবেদনের একটি অংশে তাপসের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের মূল উদ্দেশ্যই ছিল জনস্বার্থ রক্ষা করা। রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকির বিষয়ে নীতি নির্ধারক ও জনগণকে অবহিত করা। জনস্বার্থ রক্ষায় কাজ করা পেশা হিসেবে সাংবাদিকতার প্রধান নৈতিক ভিত্তি বলে আমি মনে করি। তারপরও প্রতিবেদনের ওই অংশের জন্য সাংসদ তাপসের সুনাম ক্ষুণ্ণ হয়েছে মর্মে উপলব্ধি সৃষ্টি হয়ে থাকলে তা দুঃখজনক। তবে প্রতিবেদনটির মূল বিষয়ে আমার অবস্থান অপরিবর্তিত। প্রতিবেদনের সত্যাসত্য ও উদ্দেশ্য সম্পর্কে আমি নিঃসন্দেহ।

পুরনো খবর:

আইজিডব্লিউ ব্যবসা কুক্ষিগত করতে ছক