অনশনে অসুস্থ ১২ শিক্ষার্থী
দ্বিতীয় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে অনশনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার তৃতীয় দিনের মতো অনশন চলছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।
বিকালে অনশনস্থলে গিয়ে দেখা যায় শতাধিক অনশনকারীর মধ্যে অসুস্থ ১২ জনকে স্যালাইন দেওয়া হচ্ছে।
এরা হলেন- ইমরান হোসেন, মাহবুব হাসান, আহমেদ সাগর, প্রান্ত, রিয়াজ, ইমরান, তামজীদ, ফাইজুল, ফারহানা রহমান তোরা, ফারজানা আক্তার, সজল ও যুথী।
আগামী বছর থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী।
এরমধ্যে একবার মিছিলে হামলা হলেও আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।
প্রায় দেড় মাস বিক্ষোভ-মিছিলের পর গত বুধবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না।
আগের দিন শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তবে তাদের দাবির বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
