২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, মামলা দায়ের

সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনিতে সাড়ে পাঁচ বছর বয়সের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

এদিকে এ ঘটনার জের ধরে ওই যুবকের বাড়িতে চাঁদা চাইতে যাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সদর থানার এসআই মানিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে রেলওয়ে কলোনির এক শিশুকে (পরিচয় প্রকাশ করা হলো না) ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা একটি মামলার করেছেন।

মামলার আসামি আলমগীর হোসেন (২৬) পলাতক রয়েছেন। তিনি কলোনির চামড়া গুদাম এলাকার হযরত আলীর ছেলে।

এদিকে এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে ‘বখাটে’ আলমগীরের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে বাবু ও শাহাদাত নামে দুই যুবক। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে বলে জানান পুলিশের এসআই মানিকুল।

আটক বাবু (২৬) রেলওয়ে কলোনির জুড়ান আলীর ছেলে এবং শাহাদত হোসেন কুটুম (৩০) মিরপুর রেলওয়ে কলোনির আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃত করে এসআই মানিকুল জানান, বৃহস্পতিবার সকালে আলমগীর পাশের বাড়ির এক শিশুকে সবার অলক্ষ্যে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আলমগীর পালিয়ে যায়।

"এ ঘটনার পর দেনদরবারের নামে প্রভাবশালীরা বিষয়টি ধামচাপা দেয়ার চেষ্টার করে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শনের পর শিশুটির বাবা রাতেই বাদী হয়ে একটি মামলা করেন।"

এসআই মানিকুল আরও জানান, চাঁদা চাওয়ার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে।