ভারতে সাজা খেটে দেশে ফিরেছে ৪ জন
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগের পর দেশে ফিরেছে চার কিশোর-কিশোরী।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই চারজনকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আদমপুর গ্রামের নুর আহম্মদের ছেলে ইয়াসিন হাসান (১৪), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বিশারীগাতা গ্রামের কবির তালুকদারের ছেলে বেলাল তালুকদার (১৬), যশোর জেলার মনিরামপুর থানার কাশপুল গ্রামের আব্দুর রহমানের মেয়ে আনোয়ারা ওরফে শান্তি (১৭) ও পিরোজপুর সদর থানার আব্দুর রহমানের মেয়ে রিনা আক্তার (১৪)।
তাদের রাতেই ‘জাতীয় মহিলা আইনজীবী সমিতি’ ও মানবাধিকার সংস্থা ‘রাইটস’-এর হেফাজতে দেওয়া হয়েছে বলে পরিদর্শক রফিকুল জানান।
“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংগঠন দুটি চারজনকে অভিভাবকদের কাছে পৌঁছে দেবে।”
বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয়মাস আগে এরা দালালদের প্রলোভনে অবৈধপথে ভারতে যায়। পরে হাওড়া রেলস্টেশনে ঘোরাঘুরির সময় কলকাতার পুলিশ তাদের আটক করে।”
সাজা শেষে ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাসে’ তারা দেশে ফিরেছে বলে জানান তিনি।
মহিলা আইনজীবী সমিতির বেনাপোল অফিসের ইনচার্জ আমজাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে চারজনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
