২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে: কনের মাসহ ৩ জনের জেল-জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাল্য বিয়ে আয়োজন করায় কনের মাকে এক হাজার টাকা জরিমানা করে মামা ও দুলাভাইকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 08:59 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বৃহস্পতিবার উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন।   

সাজাপ্রাপ্তদের মধ্যে কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোজাম্মেল হোসেন পাটওয়ারী ও মাসুদ রানা। কনের মায়ের নাম প্রকাশ করা হলো না।  

ইউএনও বলেন, গ্রামের এসএসসি পরীক্ষার্থী একটি মেয়েকে চান্দিনা উপজেলার আবুল কালামের সঙ্গে বিয়ে দেয়ার আয়োজন চলছিল।

খবর পেয়ে সেখানে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং সেখানে উপস্থিত কনে, তার মা, মামা ও দুলাভাইকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই সময় কনের বাবাকে পাওয়া যায়নি।  

“বাল্য বিয়ে আয়োজন ও সহযোগিতা করার অপরাধে কনের মাকে এক হাজার টাকা জরিমানা করা এবং বাকিদের সাত দিনের জেলসহ নগদ এক হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।”

ইউএনও বলেন, মেয়েটি আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের হেফাজতে থাকবে। মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে মা ও মেয়েকে বাসায় পাঠানো হয়।