গুলশানে এসি বিস্ফোরণে আহত কার্তিকও মারা গেলেন
রাজধানীর গুলশানের সিক্স সিজন্স হোটেলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণে আহত সর্বশেষ ব্যক্তিও মারা গেছেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
এনিয়ে ওই ঘটনায় আহত দুজনসহ মোট তিনজন মারা গেলেন।
নিহত কার্তিক ছিলেন ওই হোটেলের কর্মী। তার বাড়ি বরিশালের মুলাদিতে।
গত শুক্রবার বিকালে হোটেলটির ১৬ তলার ছাদে মেরামতের সময় বিস্ফোরিত হয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের কম্প্রেসর। এতে আনোয়ার হোসেন (২৬) নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
আহত সোহেল রানা (২৪) ও কার্তিক দাসকে হাসপাতালে ভর্তি করা হলে সোহেল মঙ্গলবার দুপুরে মারা যান।
আনোয়ার ও সোহেল ওয়াটসন গ্রুপে চাকরি করতেন।
