গুলশানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে ওই ভবনের ১৬ তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশানের ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসি মেরামত করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আনোয়ার ঘটনাস্থলেই মারা যায়।
“এতে আহত হন সিক্স সিজনস হোটেলের স্টাফ কার্তিক (২৫) ও ওয়াটসন গ্রুপের আরেক কর্মী সোহেল রানা (২৪)।”
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কার্তিক হাসপাতালে সাংবাদিকদের বলেন, আনোয়ার ও সোহেল ওয়াটসন গ্রুপের চাকরি করেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ত্রুটি সারাতে তাদেরকে ডেকে এনে ছাদে কম্প্রেসর দেখাতে নিয়ে যান তিনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দয়িত্বরত কর্মী ব্রজেন কুমার সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে বিস্ফোরণে ভবনের কোনো ক্ষতি হয়নি।
