জন্মদিনে কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে হুমায়ূনকে স্মরণ
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে তার কবরে জবা আর গাঁদা ফুল দিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে যান শাওন। এ সময় তাদের সঙ্গে ছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলী।
বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাওন আপা স্যারের কবরে ফুল দেন, কবর জিয়ারত করেন। নিষাদ-নিনিতও বাবার কবরে ফুল দেয় এবং অন্যদের সঙ্গে বাবার জন্য দোয়া করে।”
এ সময় নুহাশ পল্লীর কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার প্রথম প্রহরে নুহাশ পল্লীর পক্ষ থেকে একটি কেক কাটা হয় এবং কবরের চারপাশে ১২শ’ মোমবাতি জ্বালানো হয় বলে জানান তিনি।
ঘণ্টাখানেক সেখানে থেকে সকাল ৮টার দিকে শাওন সন্তানদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, প্রয়াত এই লেখকের জন্মদিনে বরাবরের মতো বৃহস্পতিবার প্রথম প্রহরে তার বাসভবন দখিন হাওয়ায় কেক কাটা হয়।
মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূন জীবিত থাকাকালে যেভাবে বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে কেক কাটতেন ১৩ নভেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) দখিন হাওয়ায় ঠিক তেমনভাবে কেক কাটা হয়েছে।”
এ উপলক্ষে বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল-আই’ তে হুমায়ুন মেলা ও বিকেলে ৩ টায় পাবলিক লাইব্রেরিতে তার লেখা বই নিয়ে মেলার আয়োজন করা হয়েছে বলে শাওন জানান।
এছাড়া জন্মদিনে প্রিয় লেখকের স্মরণে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনগুলোও আয়োজন করেছে নানা অনুষ্ঠান।
‘এইসব দিন রাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘অয়োময়’, ‘আজ রবিবার’-এর মতো জনপ্রিয় সব নাটকের স্রষ্টা হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সে ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান সবার প্রিয় এই কথা সাহিত্যিক।
তার পরিচালিত প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’। পরবর্তীতে তিনি নির্মাণ করেন - ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’সহ বেশ কয়েকটি সিনেমা।
