পাবনায় আ. লীগ নেতাকে কুপিয়ে জখম
পাবনা সদরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে তার বাড়ির সামনে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত সাইদুর রহমান একরাম পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাত ১০টার দিকে শালগাড়িয়া বন বিভাগের কাছে তিনি হামলার শিকার হন।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, একরামকে প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“তার মাথার আঘাত গুরুতর, দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন অংশেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।”
এ সময় আকরামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই দলীয় নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক বিক্রেতারা এর সঙ্গে জড়িত থাকতে পারে। একরাম ভাই মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।”
ওসি আহসানুল বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
