২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসমাইল ‘অপহরণে র‌্যাবের সংশ্লিষ্টতা’ তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইসমাইল হোসেন অপহরণের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তা ও নুর হোসেন জড়িত কিনা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালত জেলা গোয়েন্দা পুলিশকে এ আদেশ দেয়।

ইসমাইল হোসেনের ভাই আব্দুল মান্নানের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।

যাদের বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাত খুন মামলার আলোচিত র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা, সাত খুন মামলার আসামি নুর হোসেন ও তার শ্যালক নুরে আলম খান।

ইসমাইলকে অপহরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় গত ৯ ফেব্ররুয়ারি আব্দুল মান্নানের দায়ের করা মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

এ মামলায় বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, আদালত ইসমাইল অপহরণ ও হত্যার অভিযোগ তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

ব্যবসায়িক প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে চুক্তিতে ইসমাইলকে অপহরণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয় মামলায়।

তিনি জানান, বাদী আব্দুল মান্নান গত ১৪ অক্টোবর আদালতে এই আবেদন করেন। এ বিষয়ে তিনদিন শুনানি শেষে আদালত বুধবার দুপুরে এই আদেশ দেয়।

আবেদনে বাদীর অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসমাইলকে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাইনাদী এলাকা থেকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় র‌্যাবের তিন কর্মী, নূর হোসেনসহ অন্যান্য আসামিরা।

পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি ইসমাইলের হাতে লেখা একটি চিরকুট র‌্যাবের সোর্স  তার ভাই আব্দুল মান্নানের কাছে পৌঁছে দেয়।

চিরকুটে লেখা ছিল- ডেমরার বন্ধু সালাউদ্দিন ও বন্ধু মতিনকে নিয়ে ফজলুল হক চেয়ারম্যানের কাছে যাবেন। তারপর তাকেসহ নিয়ে র‌্যাবের সিও তারেক সাঈদের সাখে দেখা করবেন।

পরবর্তীতে আব্দুল মান্নান র‌্যাব-১১ এর অফিসে গেলে আসামি র‌্যাব কর্মকর্তারা তাকে জানান, ইসমাইলকে জীবিত পেতে হলে ২ কোটি টাকা দিতে হবে, কারণ ইসমাইলের প্রতিপক্ষের কাছ থেকে ইতিমধ্যে দেড় কোটি নেওয়া হয়েছে। এখন ২ কোটি পেলে তা ফেরত দিয়ে ইসমাইলকে ছাড়া হবে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান- ইসমাইল যেন আর কোনো দিন তার ব্যবসায়ী প্রতিপক্ষ নুর হোসেন, শ্যালক নুরে আলম খান, আজিজুর রহমান,  আনোয়ার হোসেন, শরীফ হোসেন,  কাদির, আবুল হোসেন, শামীম, মনির, নাজমুল, আজিম, ফকিরাদের সঙ্গে বিরোধে না জড়ায়।

পরতীতে মান্নান তার ভাইকে জীবিত পাওয়ার আশায় ১ কোটি টাকা সংগ্রহ করে র‌্যাব ১১ অফিসে একাধিকবার গেলেও র‌্যাব কর্মকর্তারা সাড়া দেননি।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে সাত খুনের ঘটনার পর কলকাতা থেকে নুর হোসেনের পাঠানো একটি চিঠির সূত্রে জানা যায়, ইসমাইলেকে অপহরণের পর ঞত্যা করে লাশ গুম করা হয়েছে। 

আইনজীবী সাখাওয়াত জানান, আদালতে দেওয়া অভিযোগে বাদী ১৬ জন সাক্ষীর নাম, চিরকুট, ইসমাইলের অপহরণ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ দাখিল করা হয়েছে।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা বর্তমানে কারাগারে আটক আছেন। এ মামলার প্রধান আসামি নুর হোসেন কলকতা কারাগারে আটক আছেন।