২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই নদীতীরে জমি পাচ্ছে র‌্যাব

কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা তীরে র‌্যাবকে দেওয়া জমির বরাদ্দ পরিবেশ রক্ষার কথা বলে বাতিলের ছয় মাসের মধ্যে সেই অবস্থান থেকে সরে এল সরকার।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুড়িগঙ্গার আদি চ্যানেলের ভরাট করা কিছু অংশ দখলমুক্ত করে তার ৭ একর জমি র‌্যাবকে বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বুধবার সচিবালয়ে নদী রক্ষা টাস্কফোর্সের বৈঠকের পর তিনি সাংবাদিকদের আরো বলেন, র‌্যাবের সঙ্গে নৌপুলিশকেও সেখানে ৩ একর জমি দেওয়া হচ্ছে।

“র‌্যাব-১০ এবং নৌ-পুলিশের জন্য নদীর পাড়ে কিছু জায়গা জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে যৌথভাবে পরিমাপ করে নির্ধারণ করতে বলেছি। ৭ একর র‌্যাবের জন্য ও ৩ একর নৌ পুলিশকে বরাদ্দ দেব।”

স্থায়ী কার্যালয় স্থাপনে কামরাঙ্গীরচরে ৭ একর জায়গা ৯৮ লাখ ১৮ হাজার ১৩৮ টাকায় জেলা প্রশাসনের কাছ থেকে দশককাল আগে বন্দোবস্ত নিয়েছিল র‌্যাব-১০।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালে র‌্যাব এই সংক্রান্ত প্রস্তাব দিলে ভূমি মন্ত্রণালয় ২০০৫ সালে তা অনুমোদন দেয়। ২০০৭ সালে তৎকালীন সরকার জমির দখল র‌্যাবকে বুঝিয়ে দেয়।

Image
বন্দোবস্ত বাতিলের আগে জমির দখল নিয়ে র‌্যাবের সাইনবোর্ড (ফাইল ছবি)

বন্দোবস্ত বাতিলের আগে জমির দখল নিয়ে র‌্যাবের সাইনবোর্ড (ফাইল ছবি)

এরপর গত ২৬ মে সরকার র‌্যাবকে ওই জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে।

তখন শাজাহান খান র‌্যাবকে অন্য স্থানে জমি দেওয়ার কথা তুলে বলেছিলেন, “পরিবেশ রক্ষা করে র‌্যাবের জায়গা বরাদ্দ দেওয়া হবে। পরিবেশের ব্যাপারে আমরা সচেতন। প্রধানমন্ত্রীও আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।”

সেই সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৌমন্ত্রী বলেন, এর আগে জেলা প্রশাসক যে জায়গা বরাদ্দ দিয়েছিল, তা বাতিল করা হয়েছে।

“কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের কিছু অংশ ভরাট করে দখল করা হয়েছিল, তাদের উচ্ছেদ করা হয়েছে। হাই কোর্টের দিক নির্দেশনা নিয়ে কতটুকু জায়গা দেওয়া যাবে, সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।”

হাই কোর্ট ঢাকার চারপাশের নদীগুলো অবৈধ দখলমুক্ত করে তীর সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়ার পর সরকার নদীগুলো উদ্ধারে নামে।  

বুধবারের বৈঠকে নদী পুনর্দখল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শাজাহান খান।

“উচ্ছেদের পর জায়গা দখল করলে তাৎক্ষণিক জেল-জরিমানা করা হবে। যখনই উচ্ছেদের কাজ চলবে তখনই মোবাইল কোর্ট পরিচালিত হবে, জরিমানা করবে এবং যারা পুনর্দখল করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।”

ঢাকা ও চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা হবে বলে জানান তিনি।

বুড়িগঙ্গাকে বাঁচাতে হাজারীবাগের ট্যানারিগুলো মার্চের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য মালিকদের সঙ্গে বৈঠক এবং সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।

পুরনো খবর:

কামরাঙ্গীরচরে জমি পাচ্ছে না র‌্যাব