আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, দুটি ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের পর ১২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট বন্ধ রয়েছে।
সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত ৩টার দিকে আশুগঞ্জে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ১২৮ কেভি সাব স্টেশনের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
এর মধ্যে ৩ নম্বর ও গ্যাস ইঞ্জিন ইউনিটে বুধবার সকাল ৭টার দিকে আবার উৎপাদন শুরু হলেও বাকি দুটি ইউনিট বেলা ১১টা পর্যন্ত চালু করা যায়নি।
ফলে জাতীয় গ্রিডে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কম যাচ্ছে বলে সাজ্জাদুর রহমান জানান।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সুইচ বোর্ডে ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ায় তেল নিঃসৃত হলে আগুনের মাত্রা বেড়ে যায়।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো কারণ প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানাতে পারেননি। বিদ্যুৎ কেন্দ্রের বাকি দুটি ইউনিট দ্রুত চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
গত ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটলে সারাদেশ আট ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে। জাতীয় গ্রিডে সরবরাহ না থাকায় ওইদিন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে যায়।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলেছে, জাতীয় গ্রিডের কোনো অংশের ত্রুটির কারণে সেদিন বিপর্যয় ঘটে। তবে সমস্যা ঠিক কোথায় তা এখনও জানা যায়নি।
