বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অভ্যন্তরীণ: প্রতিমন্ত্রী
ছয় দিন আগে গ্রিড বিপর্যয় ঘটে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎহীন থাকার জন্য বাংলাদেশ অংশে ত্রুটিকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
“আমাদের নিজস্ব গ্রিডের মধ্যে কোনও এক জায়গায় বিপর্যয় হয়েছে। ভারতের অংশে কোনও সমস্যা হয়নি,” তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই বিদ্যুৎ বিপর্যয় তদন্তে গঠিত কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে আসেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “তবে এটা একটা প্রাথমিক রিপোর্ট। আরও গভীরে যেতে হবে। ঠিক কোন জায়গায় বিপর্যয়টা হয়েছিল, সেই পয়েন্টটা বের করতে আরও কিছুটা সময় লাগবে।”
গত ১ নভেম্বর সকালে সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়লে কুষ্টিয়ার ভেড়ামারা উপকেন্দ্রে ত্রুটির কথা প্রথমেই বলেছিলেন ওই কেন্দ্রের এক প্রকৌশলী। ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ ওই কেন্দ্রের মাধ্যমেই বাংলাদেশের গ্রিডে যোগ হয়।
ওই দিনই গঠিত সাত সদস্যের এই তদন্ত কমিটির সদস্যরা ভেড়ামারা উপকেন্দ্রও পরিদর্শন করেন। সেইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রও পরিদর্শন করেন তারা।
এই কমিটিকে তদন্তের জন্য তিন দিন সময় দেওয়া হলেও তা বাড়ানোর কথা প্রতিমন্ত্রী বুধবারই জানিয়েছিলেন। তবে তারা বৃহস্পতিবার তদন্তের অগ্রগতির একটি প্রতিবেদন দিয়েছেন।
১ নভেম্বর এমনই অন্ধকার ছিল ঢাকা।
বাংলাদেশ অংশে ঘটার কথা বললেও ঠিক কোন স্থানটিতে ত্রুটির জন্য গ্রিড বিপর্যয় দেখা দিয়েছিল, তা এখনও চিহ্নিত করা যায়নি বলে তদন্ত কমিটির প্রধান আহমেদ কায়কাউস সাংবাদিকদের জানিয়েছেন।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব বলেন, “প্রথমে আমরা ভারতের অংশটুকুতেই তদন্ত করেছি। তাতে নিশ্চিত হয়েছি যে, আমাদের অভ্যন্তরীণ গ্রিডে বিপর্যয়ের কারণেই সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল।”
আশুগঞ্জের পাশাপাশি হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের সঞ্চালন লাইন দেখার কথা জানিয়ে কায়কাউস বলেন, “ঠিক কোন জায়গাতে বিপর্যয় হয়েছে, তা এখনও নির্ধারণ করা যায়নি। আরও তদন্ত করলে সেটা নিশ্চিত হওয়া যাবে।”
আগের মতো এই তদন্ত প্রতিবেদন চাপা পড়ে যাবে না বলেও আশ্বস্ত করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। “বিপর্যয়ের পর থেকে আমি প্রতিদিনই আপনাদের আপডেট দিচ্ছি। এখন প্রাথমিক রিপোর্ট দিলাম। খুব শিগগিরই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।”
“এই বিপর্যয় আমাদের সাবধান বাণীও দিয়ে গেছে। এ ধরনের ঘটনা যাতে আর কখনই না ঘটে, সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে,” বলেন নসরুল।
