বিদ্যুৎ বিপর্যয়: ছুটির কারণে প্রতিবেদন দেয়া হয়নি
সরকারি ছুটির কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তদন্ত দল প্রধান।
মঙ্গলবার বেলা ১২টায় তদন্ত কমিটি ভেড়ামারার রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছায়।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আহমেদ কায়কাউসের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে এ বির্পযয়কে জাতীয় দুর্যোগ মন্তব্য করে কায়কাউস বলেন, “তদন্ত চলছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।
“তদন্তে অনেকটা অগ্রগতি হলেও সরকারি ছুটির কারণে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হয়নি। আগামীকাল (বুধবার) এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।”
এছাড়া আলোচনা সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র
এ সময় কমিটির সদস্যের সঙ্গে এই বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী সচিব আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।
গত শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডের দিকে হঠাৎ করেই কুষ্টিয়ার ভেড়ামারা সঞ্চালন কেন্দ্রে বিদ্যুৎ বির্পযয় দেখা দেয়। এ সময় ভারতের সঙ্গে সঞ্চালন লাইনও বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া।
একই সময় দেশের উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়, ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড লাইন ফেইল করায় সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়া। টানা প্রায় সাত ঘণ্টা সারা দেশ বিদ্যুৎহীন থাকার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে বিদ্যুৎ আসতে শুরু করে।
এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ওইদিনই সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
