গাজীপুরে সংঘর্ষ: মামলায় মেয়রসহ আসামি ৪০০
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে জয়দেবপুর থানায় এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।
মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মান্নানকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নাম উল্লেখ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০০/৪০০ নেতাকর্মীকে রাখা হয়েছে আসামির তালিকায়।
ওসি খন্দকার রেজাউল করিম জানান, মামলায় মেয়র মান্নান ছাড়াও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী রুশদী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভূইয়া, শিরিন চাকলাদার, তানভীর আহম্মেদ, খাইরুল আলম, ফয়সাল সরকার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ ও সদর থানা যুব দলের আহ্বায়ক বশির আহম্মেদ বাচ্চুকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাঁধা, হাঙ্গামা সৃষ্টি এবং মারধর করে পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা ও নগর বিএনপি।
এ সময় মিছিলকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে অন্তত ১৭ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়। এসময় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
