চোরাচালান বন্ধে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সীমান্তে মাদক ও পণ্য চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এসব সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
রোববার চীনের রাজধানী বেইজিংয়ে তিয়াও য়্যু থাই স্টেট গেস্ট হাউসে মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রাষ্ট্রপতি বলেন, “রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সীমান্তে মাদক চোরাচালানের ফলে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান জেলায় ব্যাপক আর্থ-সামাজিক এবং আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিচ্ছে।”
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আসছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। ইয়াবা চোরাচালানের সঙ্গে ওই এলাকার রাজনীতিকদেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এছাড়া প্রায় দুই দশক আগে মিয়ানমারের জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে বাংলাদেশে ঢোকা শুরু করে সে দেশের মুসলিম নাগরিক রোহিঙ্গারা। বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।
এর বাইরে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে।
ইহসানুল করিম বলেন, “এই দুটি বিষয় নিয়ে বাংলাদেশ যে সমস্যার মুখে পড়ছে মিয়ানমারের রাষ্ট্রপতিকে সেটা অবহিত করা হয়েছে। মিয়ানমারকে তাদের নাগরিকদের প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”
মিয়ানমার-বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ অভিহিত করে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি হামিদ।
তিনি বলেন, “মিয়ানমার বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল, পাট ও পাটজাত পণ্য আমদানি করতে পারে। বাংলাদেশ বিশ্বস্ততা এবং অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে এই সম্পর্ক আরো শক্তিশালী করতে চায়।”
মিয়ানমার থেকে বাংলাদেশ গ্যাস আমদানি করতে আগ্রহী বলেও জানান রাষ্ট্রপতি।
উ থেইন সেইনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।
এছাড়া দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক স্পিকার আবদুল হামিদ।
দ্বিপক্ষীয় এই বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন জানিয়ে ইহসানুল করিম বলেন, “মিয়ানমারের রাষ্ট্রপতি বলেছেন, তার দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক। ১৯৭২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।”
মিয়ানমানের রাষ্ট্রপতি এসময় দুই দেশের মধ্যকার ছোট-খাটো সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের আগ্রহ প্রকাশ করেন বলেও জানান তিনি।
এসময় আবদুল হামিদকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান উ থেইন সেইন।
