২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় বাড়িতে আগুনে দগ্ধ ৩

রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 11:39 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার বিকালে রামপুরার পশ্চিম উলনের ১২/ডি নম্বর বাসায় আগুন লাগে।

এতে দগ্ধ হন- আশরাফুল ইসলাম (২৫), তানজিলা বেগম (১৩) এবং আশরাফি (৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, এদের মধ্যে তানজিলার শরীরের শতকরা ৩৬ ভাগ, আশরাফির ২৫ ভাগ এবং আশরাফুলের ১৭ ভাগ দগ্ধ হয়েছে।

ওসি মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট একটি ঘর। এই ঘরের শুধু তোষকটি পুড়ে গেছে। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয় খালেদ হায়দার উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আশরাফুল একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী আশরাফির গৃহশিক্ষক।

আশরাফুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে তিনি তাদের বাসায় পড়ানোর সময় তানজিলা একটি ম্যাচের কাঠি জালায়। এতে ঘরে আগুন জলে উঠে কিছুক্ষণ পর নিভে যায়। এর মধ্যেই তাদের শরীর দগ্ধ হয়।