পশ্চিমবঙ্গে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের কলকাতার অদূরে বারাসাত থেকে ১৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার বিকালে বারাসাতের চম্পাডাঙ্গা থেকে সিআইডির একটি বিশেষ দল তাদের গ্রেপ্তার করে বলে রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী। তাদের সঙ্গে চারটি শিশুও রয়েছে।
তাদের কাছ থেকে কিছু ‘অপরাধমূলক’ কাগজপত্র পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ থেকে তারা বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে এবং মুম্বাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।”
‘তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার’ কারণ দেখিয়ে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি পুলিশ।
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় নিহত দুজন বাংলাদেশি বলে সন্দেহ ভারতের গোয়েন্দাদের।
ওই ঘটনায় জড়িত সন্দেহে চার বাংলাদেশিসহ ১২ জনকে ধরিয়ে দিতে সম্প্রতি পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ।
