২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণপরিবহনের জন্য পরিকল্পনা চাই’

রাজধানীর গণপরিবহনে সমস্যার জন্য সরকারের পরিকল্পনার অভাবকেই দায়ী করেছেন একজন নগর পরিকল্পনাবিদ।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

গণপরিবহন সঙ্কটের জন্য বেসরকারি বাস মালিকরাও দুষছেন সরকারকে। তবে কর্তৃপক্ষ দায়ী করছে বাস মালিকদেরই।    

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণপরিবহন কিভাবে চলবে, কোন কোন রুটে চলবে, কতগুলো থাকবে এমন কোনও পরিকল্পনাই নেই। সরকার এ খাতটিকে ছেড়ে দিয়েছে, যেভাবে চলছে চলুক।”

গণপরিবহন নিয়ে প্রতিদিনই সমস্যায় মুখে পড়তে হয় রাজধানীবাসীকে। বাস সঙ্কটের পাশাপাশি অটোরিকশা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।

অধ্যাপক সারোয়ার বলেন, “ঢাকায় যেভাবে গণপরিবহন চলে, পৃথিবীর কোনও দেশে এভাবে চলে না। মানুষ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে তার জন্য কোনও পরিকল্পনা নেই।”

পাশের দেশ ভারতের কলকাতা শহরের উদাহরণ দিয়ে তিনি বলেন, “কলকাতার জনসংখ্যা ঢাকার প্রায় সমান। সেখানে ঢাকার চেয়ে অনেক বেশি পরিমাণে বাস চলাচল করে। আন্ডারগ্রাউন্ড রেলওয়ে রয়েছে, শহরের বাহিরে থেকে যারা আসছেন, তাদের জন্য রেল সার্ভিস রয়েছে।

“এর বাইরেও বিকল্প হিসেবে প্রচুর ট্যাক্সি ও সিএনজি অটো চলাচল করে। তাদের ট্রাফিক সিস্টেমও ভালো।”

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর হিসেবে, দেড় কোটি জনসংখ্যার ঢাকা শহরের ১৬৮টি রুটে চলাচলরত বাসের সংখ্যা ৫ হাজার ৪০৭টি। এর মধ্যে মিনিবাস ৩ হাজার ১২৬ আর বড় বাসের সংখ্যা ২ হাজার ২৮১টি।

এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) রাজধানীর ৬৩টি রুটে ২৬৩টি বাস চালিয়ে আসছে।

বিকল্প পরিবহন হিসেবে সিএনজি অটোরিক্সা রয়েছে ৮ হাজার ১টি।

বেসরকারি বাস মালিকদের সংগঠন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর দাবি, রাজধানীতে গণপরিবহন ব্যবসা ‘অলাভজনক’ হওয়ায় কেউ এ খাতে বিনিয়োগ করতে আগ্রহী নন।

সরকারের কাছ থেকেও সহযোগিতা না পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

রাজধানীর গণপরিবহন সমস্যার কারণ নিয়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা পরস্পরকে দায়ী করে সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালান।

বিআরটিএ এর চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে টানা কয়েকদিন যোগাযোগের চেষ্টা করার পরও তার সঙ্গে সাক্ষাতের সময় পাওয়া যায়নি।

এক পর্যায়ে তার কার্যালয় থেকে এ বিষয়ে কথা বলার জন্য বিআরটিএ পরিচালক (প্রশাসন) মো. মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

এরপর মশিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবার পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল হক তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আর রফিকুল পরামর্শ দেন সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলার।

ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফের বিআরটিএকে দেখিয়ে দেন, সেই সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলতে বলেন।

গণপরিবহন সমস্যার কথা স্বীকার করে সড়ক সচিব এম এ এন সিদ্দিক অবশ্য এর জন্য বেসরকারি পরিবহন মালিকদেরই দুষছেন।

বাস মালিকদের সমালোচনা করে তিনি বলেন, “গণপরিবহন সেবাকে আধুনিকায়ন করতে হলে সবার প্রথমে বাস মালিকদের মানসিকতা পরিবর্তন করতে হবে। তারা বিভিন্ন সমস্যার কথা বলে, সরকার কিন্তু সব সময় তাদের সহযোগিতা করছে।”

পুরনো খবর:

দুর্ভোগ, নৈরাজ্য, বিড়ম্বনা
কমছে বাস, বাড়ছে ভোগান্তি