২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে বাস, বাড়ছে ভোগান্তি

সকাল ৯টা; মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস ধরার লাইনে দাঁড়িয়ে আছেন একটি বায়িং হাউজের কর্মী মাহফুজুর রহমান।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 12:05 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

দুর্ভোগ, নৈরাজ্য, বিড়ম্বনা

মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী অলকা পরিবহনে (এটিসিএল) উঠতে দীর্ঘ লাইনে এক ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে থেকে বাসে উঠার সুযোগ পেলেন তিনি।

ওই সময় একই চিত্র দেখা যায় বিআরটিসির বাস ডিপো আর তরঙ্গ পরিবহনের কাউন্টারের সামনেও।

মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন এভাবেই কষ্ট করে অফিসে যেতে হয়। কখনও কখনও বেশি দেরি হলে সিএনজি অটোরিক্সা নেওয়ার চেষ্টা করি। কিন্তু সেগুলো কোনোটাই আজকাল মিটারে যেতে চায় না।

“সকালে যেহেতু সকলেরই অফিসে যাওয়ার তাড়া থাকে তাই এ ধরনের সমস্যা হয়। বাসের সংখ্যা বেশি হলে হয়ত এ ধরনের সমস্যা হত না।”

এটি যে শুধু মোহাম্মদপুর এলাকার চিত্র এমনটি নয়। রাজধানীর মিরপুর, শ্যামলী, কলেজগেইট, ফার্মগেইট, ধানমন্ডি, শাহবাগ, আজিমপুরসহ প্রায় প্রতিটি এলাকার প্রতিদিনের চিত্র এমনই।

বিকেলে অফিস ছুটির পরে ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান এলাকায় দাঁড়িয়ে থাকাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। হুড়োহুড়ি করে বাসে উঠতে গিয়ে আঘাতও পেতে হয় অনেককে। বাসের দরজায় ঝুলে চলাচলের দৃশ্যও অপ্রতুল নয়।

বছর দশেক আগে ঢাকার সড়কে প্রায় সাড়ে ৭ হাজার বাস চলাচল করত। এই সময়ে ঢাকায় মানুষের সংখ্যা বড় সংখ্যায় বাড়লেও কমেছে বাসের সংখ্যা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাজধানীর ১৬৮টি রুটে চলাচলকারী বাসের সংখ্যা ৫ হাজার ৪০৭টি। এরমধ্যে- মিনিবাস ৩ হাজার ১২৬টি, আর বাস আছে ২ হাজার ২৮১টি।

বিআরটিএ এ হিসাব দিলেও পরিবহন মালিকদের হিসেবে, রাজধানীতে চলাচলকারী বাসের সংখ্যা চার হাজারেরও কম।

বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সমস্যা নিরসনে সরকারের ‘উল্লেখযোগ্য কোনও উদ্যোগ’ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেড় কোটি জনসংখ্যার এ শহরে বাস প্রয়োজন অন্তত ১২ থেকে ১৩ হাজার। এ সংখ্যা বর্তমানে তিন হাজারের মতো।

“এর প্রধান কারণ সরকার গণপরিবহন নিয়ে মাথা ঘামায় না। ঢাকায় ট্রাফিক জ্যামের কারণে বাস মালিকরাও কাঙ্ক্ষিত সংখ্যায় ট্রিপ পান না। আর এ কারণে তারাও এ সেবা নিয়ে খুব বেশি উৎসাহী নন।”

সড়কে গণপরিবহন হিসেবে বাসের সংখ্যা কমায় ক্রমশ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ।

“এটা খুবই স্বাভাবিক। মানুষ চলাচল করবে কিভাবে? গণপরিবহন না থাকলে প্রাইভেট গাড়ি তো বাড়বেই, এতে রাস্তায় যানজট বাড়বে।”

ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুসারে, এক হাজার ৫২৯ বর্গকিলোমিটার আয়তনের ঢাকায় সড়ক রয়েছে দুই হাজার ৫৫০ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক ৮৮ কিলোমিটার, যার বেশিরভাগই দখল করে নেয় ব্যক্তিগত যানবাহন।

সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর মতে, রাজধানীতে গণপরিবহন ব্যবসা ‘অলাভজনক’ হওয়ায় কেউ এ খাতে বিনিয়োগ করতে চায় না।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি মালিকরা লাভ করতে চান তাহলে প্রতিদিন গড়ে অন্তত সাত থেকে আটটি ট্রিপ প্রয়োজন। যানজটের কারণে বেশিরভাগ দিনই এ সংখ্যক ট্রিপ পাওয়া যায় না। তার মধ্যে বাসের শতকরা ৩০ ভাগ যাত্রী হচ্ছেন ছাত্র, এরা ভাড়া দিতে চায় না।”

তবে রাজধানীতে চলাচলকারী বিভিন্ন রুটের বাসের ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। ‘সিটিং বাস’র নামে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে।

পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহ বলেন, “রাজধানীতে চলাচলকারী একটি বাস দিনে সর্বোচ্চ ৪/৫টি ট্রিপ শেষ করতে পারে। গণপরিবহন কিভাবে চলবে সে বিষয়ে সরকারের কোনও নীতিমালাও নেই।”

এছাড়া রাজধানীতে চলাচলকারী বাসগুলোর জন্য কোনো পার্কিংয়ের জায়গা না থাকায় বিভিন্ন সময় নানা ধরনের অনিয়ম হয় বলে জানান তিনি।

গত চার বছর ধরে ঢাকায় চলাচলের জন্য মিনিবাস আমদানি বন্ধ থাকাও বাসের সংখ্যা না বাড়ার একটি কারণ দেখিয়েছেন এনায়েতুল্লাহ।

তিনি বলেন, “যে কোনও রাজনৈতিক আন্দোলন কিংবা সহিংসতা প্রথমেই বাসের ওপর দিয়ে যায়। আগুন দেওয়া বা ভাংচুরের কারণে অনেক বাস ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এগুলো আর রিপ্লেস হয়নি।”

বেশিরভাগ বাস মালিক দ্বিতীয়বার এ খাতে বিনিয়োগে আগ্রহী নন বলেও দাবি করেন তিনি।

বেসরকারি বাস সার্ভিসের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ২৬৩টি বাস চলছে রাজধানীর ৬৩টি রুটে।

এর বাইরেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাত্রী আনা-নেওয়ার জন্য বিআরটিসির রয়েছে ২০৫টি স্টাফ বাস। স্কুলের শিক্ষার্থীদের জন্য চারটি ও নারীদের জন্য ১৫টি বাসও রয়েছে তাদের।

রাজধানীতে ব্যক্তি মালিকানায় যেসব বাস চলাচল করছে সেগুলোর বেশিরভাগেরই অবস্থা করুণ। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় এগুলোর সেবার মান নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে।

বুয়েটের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহানের মতে, রাজধানীতে বাসের সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত।

তিনি বলেন, বাসের সংখ্যা বাড়াতে হলে সরকারকে প্রণোদনার ব্যবস্থা করতে হবে যেন বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ করতে আসে। গণপরিবহন সেবা দেওয়ার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে- বাস র‌্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল চালু করা যেতে পারে।

“সব কিছুর আগে দেখতে হবে কোন পদ্ধতি হাতে নিলে তা মানুষ কম খরচে ব্যবহার করতে পারবে।”

বেসরকারি বাসের জন্য পার্কিং এবং কাউন্টার বসানোর স্থান কেন দেওয়া হচ্ছে না- জানতে চাইলে ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, “কাউন্টার যেগুলো আছে সেগুলো যে যথেষ্ট নয় তা ঠিক। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যাত্রীছাউনি তৈরি করা আছে।

“তবে এ বিষয়ে বিআরটিএ ও মহানগর পুলিশ সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।”

তার কথা মত বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মো. মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার কার্যালয় থেকে পরিচালক (প্রকৌশল) মো. রফিকুল হক তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

তবে রফিকুল এ বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

গণপরিবহন কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে সড়ক সচিব এম এ এন সিদ্দিক অবশ্য এ সমস্যার জন্য বেসরকারি পরিবহন মালিকদেরই দুষছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা বেসরকারিভাবে গণপরিবহন ব্যবসা করেন তারা শুধুই লাভের কথা চিন্তা করেন। কিভাবে তারা এক টাকা থেকে দশ টাকা আয় করবেন-এটিই তাদের চিন্তার বিষয়।

“আর এটি করতে গিয়ে তারা নতুন বাস নামান না। আন্তঃজেলা সার্ভিসের জন্য কিন্তু ঠিকই নতুন নতুন বাস আনা হচ্ছে। কিন্তু শহরের যে বাসগুলো চলছে এগুলোর অবস্থা অনেক খারাপ।”

বাসমালিকদের সমালোচনা করে তিনি বলেন, “গণপরিবহন সেবাকে আধুনিকায়ন করতে হলে সবার আগে বাস মালিকদের মানসিকতা পরিবর্তন করতে হবে। তারা বিভিন্ন সমস্যার কথা বলে, সরকার কিন্তু সব সময় তাদের সহযোগিতা করছে।”

পরিবহন মালিকদের নীতিমালা প্রণয়নের দাবির বিষয়ে তিনি বলেন, “এখানে নীতিমালার প্রয়োজনটা কী? তারা তো যত খুশি তত বাস ঢাকার রাস্তায় নামাতে পারে, এ বিষয়ে তাদের আমরা ব্ল্যাংক চেক দিয়েছি।

“কিছুদিন আগে তারা এসি বাস নামানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সরকার তাদের একশটি এসি বাস নামানোর অনুমতি দিয়েছে।”

“বাস নামানোর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। শুধু ছোট গাড়ি যেমন- সিএনজি অটোরিকশা বা ট্যাক্সিক্যাবের ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন রয়েছে, যাতে এগুলো সড়কে যানজট তৈরি করতে না পারে।”