২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ম্যাচ ঘিরে চট্টগ্রামে থাকবে কঠোর নিরাপত্তা

চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ- জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ নিয়ে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 06:16 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

বৃহস্পতিবার সিএমপি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে খেলা উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন দিক তুলে ধরেন নগর পুলিশের কর্মকর্তারা।

দর্শকদের খেলার মাঠে ঢোকার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা তুলে ধরে উপকমিশনার (সদর) মাসুদ-উল-হাসান জানান, আগ্নেয়াস্ত্রের পাশাপাশি কোনো ধরনের আতশবাজি, সিগারেট, দিয়াশলাই নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

এছাড়া অ্যালকোহল জাতীয় পানীয়ের পাশাপাশি কোনো ধরনের জুস, জুসপ্যাক ও ফল নিয়েও মাঠে ঢোকা যাবে না।

বাঁশের লাঠির পাশাপাশি উচ্চ শব্দকারী বাঁশি ও হর্ন নিয়েও মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না বলে উপকমিশনার মাসুদ জানান।

আগামী ১২ থেকে ১৬ নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ের চলমান সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ নভেম্বর প্রস্তুতি ম্যাচ এবং ২১ ও ২৩ নভেম্বর দুটি ওয়ান ডে ম্যাচ হবে চট্টগ্রামে।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, চট্টগ্রামে ক্রিকেট খেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। খেলায় নিরাপত্তার স্বার্থে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।

ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত করা হয়েছে।

আগেও চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে এবারও তা সুন্দরভাবে অনুষ্ঠানের আশা প্রকাশ করেন পুলিশ কমিশনার জলিল মণ্ডল।

খেলোয়াড়দের বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়ার পথে বিমানবন্দর সড়কে পার্কিং করে রাখা ভারী যানবাহনগুলো সরিয়ে ফেলার জন্য মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।

শনিবারের মধ্যে সেগুলো সরিয়ে না নিলে অভিযান চালানো হবে বলে জানান পুলিশ কমিশনার।  

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে টি- টেয়েন্টি বিশ্বকাপের সময় খেলোয়াড়দের যাতায়াত পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

ওই সময় নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে নিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এবার খেলোয়াড়দের যাতায়াতের সময় যান চলাচল শূন্য করা হবে না।”

তাই এবার নগরবাসীকে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত কমিশনার শহিদুর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, উপ-কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান, উপকমিশনার (ট্রাফিক-উত্তর) ফারুক আহমেদ, উপকমিশনার (ট্রাফিক-বন্দর) সুজায়েত ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।