২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের ভয়ে বিদ্যালয়ে পাঠদান বন্ধ

সাপের ভয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 05:24 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

উপজেলার পূর্ব গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার থেকে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা শিক্ষা কার্যালয়।

তবে সামনে সমাপনী পরীক্ষা থাকায় পঞ্চম শ্রেণির পাঠদান চলছে খোলা মাঠে।

ইতোমধ্যে স্কুলের শ্রেণিকক্ষের ভেতর থেকে ৫০টিরও বেশি সাপের বাচ্চা নিধন করা হয়েছে। সাপের উৎপাত থেকে রক্ষা পেতে বিদ্যালয়ে কার্বোলিক এসিড দেয়া হলেও আতঙ্কে স্কুলে আসছে না পঞ্চম শ্রেণির অর্ধেকের বেশি শিক্ষার্থী।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০০ জনের মতো শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে রয়েছে ২৩ জন।

তিনি বলেন, কিন্তু গত ১৭ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে ফাঁকা স্থান থেকে ৫০ টিরও বেশি সাপের বাচ্চা নিধন করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের মতো আমরাও আতঙ্কগ্রস্ত।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিখা রাণী ঘোষ ও সাব্বির হাসান বলে, তাদের ক্লাসে ২৩ জন পড়ে। কিন্তু সাপের ভয়ে বেশিরভাগই ক্লাসে আসে না।

সাপগুলো ছোট হলেও ফণা তুলে তেড়ে আসে জানিয়ে তারা বলে, ক্লাস করতে ভয় লাগে। কয়েক দিন পর সমাপনী পরীক্ষা তাই বাধ্য হয়ে ক্লাসে আসতে হচ্ছে।

এ ব্যাপারে কবিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ বলেন, আপাতত বড় ধরনের ঘটনা এড়াতে পাঠদান বন্ধ রয়েছে এবং বিদ্যালয়ে কার্বোলিক এসিডের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, “সাপুড়ে, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ভবনের নিচে সাপ বাসা করেছে। এগুলোকে পুরো নিধন করতে হলে ভবনের নিচের অংশ খুঁড়ে ফেলতে হবে।”

বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

কয়েকজন অভিভাবক জানান, স্কুল থেকে ৫০টিরও বেশি বিষধর সাপ নিধন করা হয়েছে। সেখানে অবশ্যই বড় সাপ রয়েছে। সাপগুলো বের হলে দুর্ঘটনা ঘটতে পারে।

তাদের দাবি কোনো ঘটনা ঘটনার আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে।

তারা জানান, গত ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভেতরে চারটি বিষধর সাপের বাচ্চা দেখতে পায় শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন। তখন থেকে প্রায়ই বিভিন্ন কক্ষে সাপের বাচ্চার দেখা যায়। সর্বশেষ গত মঙ্গলবারে এক সঙ্গে ১৭টি সাপের বাচ্চা বিভিন্ন শ্রেণিকক্ষ থেকে বের করা হয়। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুলে উপস্থিতি কমে যায়।

গত ১ নভেম্বর বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসে বিষয়টি জানালে কর্তৃপক্ষ ২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেয়ি।