গাইবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ওয়াকফ এটেস্টের জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।
বুধবার উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল (গনার) গ্রামে পীরোত্তর ওয়াকফ এটেস্টের জমির ধান কাটা নিয়ে এ সংঘর্ষ হয়।
নিহত মজিবর রহমান (৬৫) ওই গ্রামের মৃত মাজেদ উল্লার ছেলে।
আহতদের মধ্যে নয় জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, পীরোত্তর ওয়াকফ এটেস্টের প্রায় সাত বিঘা জমির দখল নিয়ে ওই গ্রামের প্রভাবশালী ও এটেস্টের মোতোয়াল্লি আজগার আলীর সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। সকালে আজগার আলীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়।
এ সময় গ্রামবাসী তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। এতে নিহত মজিবর রহমান আজগার আলীর চাচাত ভাই।
লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মণ্ডল বলেন, দীর্ঘদিন থেকে পীরোত্তর ওয়াকফ এটেস্টের মোতোয়াল্লি আজগার আলী ওই জমি ভোগদখল করে খাচ্ছেন। এ কারণে গ্রামবাসী ওই জমিতে চলতি বছর দখল নিয়ে আমন ধান রোপন করে।
“কিন্তু বুধবার ওই জমির ধান কাটতে যান আজগার আলী ও তার লোকজন। এ কারণে এ সংর্ঘষ বাধে।”
