হবিগঞ্জে ট্রাকচাপায় ২ সব্জি বিক্রেতা নিহত
হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় দুই সব্জি বিক্রেতা নিহত হয়েছে।
নিহতরা হলেন, বাহুবল উপজেলার স্বম্ভপুর গ্রামের সুন্দর আলী (৫০) ও একই উপজেলার গুচ্ছপুর গ্রামের শুকুর আলী (৫২)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সুন্দর আলী ও শুকুর আলী বাড়ি থেকে ভ্যানে করে সব্জি নিয়ে বাহুবল বাজারে যাচ্ছিল। পথে সুখ-চকপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই সুন্দর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শুকুর আলী।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
