২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার কয়লা লোপাটে ৩ কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির তিনশ মেট্রিক টন কয়লা আত্মসাতের ঘটনায় তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খনি কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 05:42 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

এরা হলেন- খনির ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, উপ ব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা ও কামরুল ইসলাম।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত বিসিএমসিএলের তিন কর্মকর্তাকে সব কাজ-কর্ম থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া আত্মসাত করা তিনশ মেট্রিক টন কয়লার মূল্য পরিশোধ করতে হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে বিসিএমসিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ঢাকার সাভার এলাকার রবিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মাসুম আলী নামে এক ব্যবসায়ী রবিন ট্রের্ডাসের অনুকূলে অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখায় নয় হাজার ২০০ টাকা প্রতি টন হিসেবে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকা জমা দেয়ার জাল কাগজপত্র দেখিয়ে গত ১৬ ও ১৭ মে দুই দিনে খনি থেকে ১৭টি  ট্রাকে করে ৩০০ মেট্রিক টন কয়লা নেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে খনির অভ্যন্তরীণ নিরীক্ষণে ব্যাংক হিসাবের সঙ্গে টাকার গড়মিল ধরা পড়লে কয়লা লোপাটের ঘটনা ফাঁস হয়।

এই ঘটনায় গত ২০ অগাস্ট জিএম (প্রশাসন) একেএম সিরাজুল ইসলামকে আহ্বায়ক, জিএম (সারফেজ অপারেশন) এটিএম নুরুজ্জামান চৌধুরী ও ডিজিএম সাইফুল ইসলামকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়।

এর আগে এ ঘটনায় কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ এবং পিয়ন রবিউল ইসলামকে বরখাস্ত করা হয়।