ধাওয়ায় আগ্নেয়াস্ত্র ফেলে পালাল জামায়াতকর্মীরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে হরতাল সমর্থকদের মিছিল থেকে অটোরিকশায় আগুন দেওয়ার পর পুলিশের ধাওয়ার মুখে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
রোববার দুপুরে উপজেলার ভূমি অফিসের সামনে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে অটোরিকশায় আগুন দেয়া হয় বলে সীতাকুণ্ডের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন।
এসময় পুলিশ তাদের ধাওয়া করে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বলে জানান তিনি।
নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডাকে জামায়াত। রোববার ছিল হরতালের দ্বিতীয় দিন।
পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, দুপুরে শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। উপজেলা ভূমি অফিসের সামনে মিছিল থেকে তারা অটোরিকশাটি ভাংচুর করে তাতে আগুন দেয়।
“এসময় পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে তারা গুলিসহ একটি এলজি ফেলে পালিয়ে যায়।”
সাইফুল ইসলাম জানান, ধাওয়া খেয়ে জামায়াতের কর্মীরা দোঁয়াজি পাড়া উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির চাচা ডাক্তার রফিকের বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করে। সেখানে বাধা দেয়া হলে তারা সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মারধর করে।
অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় এর চালক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এদিকে হরতালের প্রতিবাদে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন।
মুক্তিযোদ্ধা ইউনিয়ন চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব ফজল আহমেদের পরিচালনায় বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়।
