বোন-ভগ্নিপতিকে বেঁধে ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ
সাভার পৌর এলাকায় বোন ও ভগ্নিপতিকে বেঁধে রেখে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ওই দৃশ্যের ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে।
আনন্দপুরের একটি বাড়িতে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মেয়েটি (১৩) স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
মেয়েটির স্বজনরা জানান, ধারণ করা দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ধর্ষক ও তার সহযোগীরা।
এ ঘটনায় এলাকায় একটি সালিশ বৈঠকও হয়েছে।
স্বজনদের অভিযোগ, পুলিশ দুর্বৃত্তদের সঙ্গে যোগসাজস করে উল্টো নির্যাতিতার পরিবারকে এলাকা ছাড়তে বলছে। তাই তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা জানান, একটি ভাড়া বাড়িতে এক ওষুধ ব্যবসায়ী তার স্ত্রী ও শ্যালিকাকে (নির্যাতিতা) নিয়ে থাকেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার জ্বালানি কাঠ ব্যবসায়ী আনুর জামাতা কবির হোসেন ও আরেক যুবক আজিজ ওরফে সেলুন আজিজ ওই বাসায় গিয়ে ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রীকে বেঁধে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিবেশীরা জানান, ধারণকৃত দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তারা মেয়েটির ভগ্নিপতির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকালে ‘ধর্ষক কবির’ ও আজিজ ওরফে সেলুন আজিজ ওই বাসায় গিয়ে কিছু টাকা নিয়ে আসে।
মেয়েটির বোন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় সাদা পোশাকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাশেম আলী ওই বাড়িতে যান। তিনি ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করে ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ার পরামর্শ দেন।
পরে এসআই হাশেম বাসার বাইরে রাস্তায় দাঁড়ানো সেলুন আজিজের সঙ্গে কথা বলে চলে যান।
এরপর ওই বাড়ির মালিক ফজলুল হকসহ স্থানীয় কয়েকজন ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেন এবং স্থানীয় কালু মিয়ার বাড়িতে সালিশ বৈঠকে বসেন।
বাড়ির মালিক ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদেরকে বলেছি থানায় মামলা করতে। কিন্তু তারা ভয়ে মামলা করবে না বলে জানিয়েছে।”
মামলা করতে তাদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
সালিশকারী স্থানীয় দেলোয়ার হোসেন দিলু ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘরে ঢুকে তারা ছিনতাই করেছে। আমরা বিচার করে দিয়েছি। বিচারে ছিনতাইয়ের ৫ হাজার টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে।”
তবে ঘরে ঢুকে কেন তারা ছিনতাই করেছে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে তিনি স্পটে এসআই হাশেম আলীকে পাঠিয়েছিলেন। কেউ অভিযোগ না দেয়ায় মামলা হয়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এসআই হাশেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তাদের থানায় অভিযোগ দিতে বলেছি, কিন্তু তারা অভিযোগ দেয়নি।”
সেলুন আজিজের সঙ্গে যোগসাজস এবং নির্যাতিতার পরিবারকে হুমকি দেয়ার কথা অস্বীকার করেছেন হাশেম।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকেই কবির ও আজিজ ওরফে সেলুন আজিজ এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। আজিজের দোকানে গিয়ে তা বন্ধ পাওয়া যায়।
