সিলেটে পুলিশের উপর হামলার চেষ্টা, হাতবোমা বিস্ফোরণ
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিন সিলেটে পুলিশের উপর হামলার চেষ্টা, সড়ক অবরোধ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহানগর ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে নগরীর চৌকিদেখি এলাকায় ইট,গাছের টুকরো এবং টায়ার জ্বালিয়ে আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে।
এসময় একটি অটোরিকশায় কয়েকজন পুলিশ আসলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে এবং চারটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
পরে সেখানে আরো পুলিশ আসলে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সকাল পৌনে ৭টায় কাজীটুলা এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে মহানগর জামায়াত।
এছাড়া আর কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরবাসীর নিরাপত্তায় সবকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যাবের টহল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি।
হরতালের কারণে নগরীর দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে বিচ্ছিন্নভাবে অভ্যন্তরীণ কিছু যান চলাচল করলেও দূরপাল্লার পরিবহন বন্ধ।
সিলেট রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলোও যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
গত বুধবার নিজামীর রায় ঘোষণার পরপরই বৃহস্পতি, রবি ও সোমবার এ হরতালের ডাক দেয় তার দল জামায়াতে ইসলামী।
